ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন। তবে তিনি সংসদ ভবন এলাকায় অবস্থিত স্পিকারের সরকারি বাসভবনেই অবস্থান করবেন।
শনিবার, ২৫ জুলাই আলাপকালে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নিজেই এ তথ্য জানান।
রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর শুক্রবার বিকেল থেকে স্পিকারের বাসভবন ও আশপাশের এলাকায় বিশেষ নিরাপত্তাব্যবস্থা কার্যকর করা হয়েছে। রাষ্ট্রপতির নিরাপত্তায় নিয়োজিত বাহিনীর সদস্যরা সেখানে দায়িত্ব পালন করছেন।
এর আগে শুক্রবার স্বাস্থ্যগত কারণ দেখিয়ে মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়ান। এরপর সাংবিধানিক বিধান অনুযায়ী স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, রোববার সকাল ১১টা ৩০ মিনিটে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সাভারের জাতীয় স্মৃতিসৌধে যাবেন। সেখানে তিনি মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করবেন।
এরপর দুপুর ১২টা ৩০ মিনিটে তিনি রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন এবং জিয়ারত করবেন।