আঞ্চলিক উত্তেজনা প্রশমনে সংলাপ, সংযম ও কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখার ওপর গুরুত্ব দিয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার।
শুক্রবার (২৪ জুলাই) কিরগিজস্তানের চোলপন-আতায় সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) পররাষ্ট্রমন্ত্রী পরিষদের বৈঠকের ফাঁকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, দুই পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তান ও ইরানের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক পুনর্ব্যক্ত করার পাশাপাশি মধ্যপ্রাচ্যের পরিবর্তনশীল পরিস্থিতি পর্যালোচনা করেন।
বৈঠকে সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন ইসহাক দার। স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য সব পক্ষকে সংযম দেখানো, সংঘাতের মাত্রা কমানো এবং ধারাবাহিক কূটনৈতিক যোগাযোগ বজায় রাখার আহ্বান জানান তিনি।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার বিরোধ নিরসনে এর আগে হওয়া ‘ইসলামাবাদ সমঝোতা স্মারকের’ ভিত্তিতে আলোচনা এগিয়ে নেওয়ার ওপরও গুরুত্ব দেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি পাকিস্তানের কূটনৈতিক ভূমিকার প্রশংসা করেন বলে পাকিস্তানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে। তবে বৈঠক থেকে নতুন কোনো যুদ্ধবিরতি বা আনুষ্ঠানিক চুক্তির ঘোষণা আসেনি।