উচ্চ আদালতের স্থিতাবস্থার নির্দেশ অমান্য করে স্থাপনা উচ্ছেদ করায় আদালত অবমাননার দায়ে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সাবেক নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন এবং সাবেক ওয়ার্ড কাউন্সিলর আব্বাস আলী সরদারকে ৫০ হাজার টাকা করে জরিমানা করেছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আদালত অবমাননার আবেদনের চূড়ান্ত শুনানি শেষে এই রায় দেন।
আদালতে আবেদনকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. আলমগীর মোস্তাফিজুর রহমান। রাজশাহী সিটি করপোরেশনের পক্ষে ছিলেন আইনজীবী জাফর সাদেক এবং রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী।
রায়ের পর আইনজীবী জাফর সাদেক জানান, রাসিকের তৎকালীন সচিব, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ওয়ার্ড কাউন্সিলরের পক্ষে আদালতে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করা হয়েছিল। আদালত তৎকালীন সচিবকে অব্যাহতি দিলেও সাবেক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সাবেক ওয়ার্ড কাউন্সিলরকে ৫০ হাজার টাকা করে জরিমানা করেন। পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর আপিল করা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
মামলার নথি অনুযায়ী, রাজশাহীর বোয়ালিয়া থানার বহরমপুর মৌজার একটি বিতর্কিত জমিতে থাকা কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান উচ্ছেদের জন্য ২০১০ সালের ৩০ মার্চ নোটিশ দেয় রাজশাহী সিটি করপোরেশন। নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মালিকরা হাইকোর্টে রিট আবেদন করেন।
রিটের প্রাথমিক শুনানি শেষে ২০১০ সালের ১১ এপ্রিল হাইকোর্ট তিন মাসের জন্য ওই জমি সংক্রান্ত বিষয়ে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন। পরে একই বছরের ২২ জুলাই রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সেই আদেশ বহাল রাখা হয়।
আবেদনকারীদের অভিযোগ, আদালতের স্থিতাবস্থার নির্দেশ কার্যকর থাকা অবস্থায় ২০২৪ সালের ৮ এপ্রিল দোকান খালি করার নোটিশ দেওয়া হয়। এরপর ২৬ এপ্রিল পূর্ব নোটিশ ছাড়াই সংশ্লিষ্ট স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করা হয়, যা উচ্চ আদালতের নির্দেশনার পরিপন্থী ছিল।
এ ঘটনার পর ২০২৪ সালে রাসিকের তৎকালীন সচিব, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ওয়ার্ড কাউন্সিলরের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করা হয়। ওই আবেদনের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট ২০২৪ সালের ২৬ জুন রুল জারি করেন। পরবর্তীতে রুলের চূড়ান্ত শুনানি শেষে আদালত বৃহস্পতিবার এই রায় প্রদান করেন।