ভারতে তেলাপোকা জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বাধীন আন্দোলনে অংশ নিলে শিক্ষার্থীদের মিথ্যা মাদক মামলায় ফাঁসানোর হুমকি দেওয়ার অভিযোগে মুম্বাই পুলিশের এক সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ঘিরে ব্যাপক সমালোচনা শুরু হওয়ার পর অভিযুক্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়। একই সঙ্গে ঘটনাটি তদন্তের নির্দেশ দিয়েছে মুম্বাই পুলিশ।
ভাইরাল ভিডিওতে পুলিশের পোশাক পরা এক ব্যক্তিকে কয়েকজন শিক্ষার্থীকে ভবিষ্যতে বিক্ষোভে অংশ না নেওয়ার জন্য হুমকি দিতে দেখা যায়। আবার আন্দোলনে যোগ দিলে তাদের কাছে মাদক রেখে মামলা দেওয়া হবে এবং দীর্ঘদিন কারাগারে থাকতে হবে—এমন হুমকিও তিনি দেন বলে অভিযোগ উঠেছে।
ভিডিওটি প্রকাশ করে কংগ্রেসের মুম্বাই শাখা অভিযোগ করে, আন্দোলনরত শিক্ষার্থীদের ভয় দেখিয়ে দমন করার চেষ্টা করছে পুলিশ। মিথ্যা মাদক মামলায় ফাঁসিয়ে জীবন নষ্ট করে দেওয়ার হুমকি দেওয়ার ঘটনাকে ক্ষমতার গুরুতর অপব্যবহার বলেও উল্লেখ করে দলটি।
প্রাথমিকভাবে অভিযুক্ত ব্যক্তির পরিচয় প্রকাশ করা না হলেও সংবাদমাধ্যমের প্রতিবেদনে তাকে পুলিশের গাড়িচালক হিসেবে উল্লেখ করা হয়েছে। ভিডিওটি যাচাই এবং ঘটনার বিস্তারিত জানতে বিভাগীয় তদন্ত শুরু করেছে মুম্বাই পুলিশ।
এদিকে রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে সিজেপির আন্দোলনে বৃহস্পতিবারও শিক্ষার্থী, তরুণ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়েছেন। সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সেখানে বিপুলসংখ্যক পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
এর আগে বুধবার রাতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে যন্তর মন্তর এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। নিরাপত্তার কারণ দেখিয়ে বৃহস্পতিবার সকাল থেকে দিল্লির কেন্দ্রস্থলের ১৬টি মেট্রো স্টেশনে সেবা স্থগিত রাখে কর্তৃপক্ষ।
সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক জানিয়েছেন, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত তাদের আন্দোলন চলবে। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ, পরীক্ষা ব্যবস্থার সংস্কার এবং ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের ন্যায়বিচারের দাবিতে এই আন্দোলন চলছে।
অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তরুণদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করাকে সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে উল্লেখ করে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ন্যায়বিচারের আশ্বাস দিয়েছেন।
সূত্র: দ্য উইক