২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশের সামনে বিভিন্ন অর্থনৈতিক চ্যালেঞ্জ থাকলেও সেগুলো মোকাবিলার সক্ষমতা বাংলাদেশের রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে অর্থনীতির আকার এক ট্রিলিয়ন ডলারে উন্নীত করতে সরকার প্রয়োজনীয় পরিকল্পনা বাস্তবায়ন করছে।
দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে নিরাপদ ও দীর্ঘমেয়াদি বিদেশি বিনিয়োগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন তিনি।
তারেক রহমান বলেন, বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে কর ও মূল্য সংযোজন করের প্রক্রিয়া সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে বিনিয়োগসংক্রান্ত সরকারি সেবা আরও সহজ ও কার্যকর করতে ডিজিটাল ব্যবস্থা সম্প্রসারণ করা হচ্ছে।
বাংলাদেশ শুধু স্বল্পমেয়াদি বিনিয়োগ নয়, টেকসই ও স্থায়ী বিদেশি বিনিয়োগ চায় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের উন্নয়নে সরকার দেশি-বিদেশি অংশীদারদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে আগ্রহী।
তিনি বলেন, বর্তমান সরকার অর্থনীতির সামনে থাকা বিভিন্ন চ্যালেঞ্জ বিবেচনায় নিয়ে কাজ করছে। ব্যবসা পরিচালনা ও বিনিয়োগের জন্য একটি স্থিতিশীল এবং অনুকূল পরিবেশ নিশ্চিত করাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
বিনিয়োগকারীদের সম্পদ ও কার্যক্রমের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী।
তার ভাষ্য, কর ও ভ্যাট ব্যবস্থার জটিলতা কমানো, সরকারি সেবার ডিজিটালাইজেশন এবং প্রশাসনিক প্রক্রিয়া সহজ করার মাধ্যমে বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর চেষ্টা চলছে।
সরকার এসব পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, উৎপাদন বৃদ্ধি এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক সক্ষমতা আরও শক্তিশালী করতে চায়।