মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে তাকে ট্রাইব্যুনালে আনা হয়। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর বিচারিক প্যানেলে এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।
প্রসিকিউশনের ভাষ্য, আওয়ামী লীগ সরকারের শাসনামলে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের সঙ্গে মোজাফফর হোসেনের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। এ কারণে তার বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করেছিলেন ট্রাইব্যুনাল।
আদালতের নির্দেশ অনুযায়ী তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। মানবতাবিরোধী অপরাধের মামলায় মোজাফফরকে গ্রেপ্তার দেখানো এবং জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে আবেদন করার কথা জানিয়েছে প্রসিকিউশন।
এর আগে ২১ জুলাই মোজাফফর হোসেনকে ট্রাইব্যুনালে হাজির করার জন্য প্রোডাকশন ওয়ারেন্ট চেয়ে আবেদন করা হয়েছিল।
প্রায় ৪৫ বছর পলাতক থাকার পর ১৫ জুলাই রাতে রাজধানীর বনানীর একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাকে ঢাকা সেনানিবাসের মিলিটারি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছিল।
এদিকে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের সময় ফেনীতে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকেও বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
তার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২১ জুলাই দিন ধার্য ছিল। তবে তদন্ত শেষ করতে প্রসিকিউশন আরও দুই মাস সময় চায়।
মোজাফফর হোসেনের সঙ্গে মাসুদ উদ্দিন চৌধুরীর যোগসাজশের অভিযোগ ওঠায় ওই দিন তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নতুন তারিখ নির্ধারণ করেননি আদালত। এ কারণে দুজনকেই একই দিনে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
এখন প্রসিকিউশনের আবেদন ও অভিযোগের বিষয়ে ট্রাইব্যুনালের আদেশের অপেক্ষা রয়েছে।