দ্বিপক্ষীয় বাণিজ্য সহজ করতে নতুন একটি সীমান্ত ক্রসিং চালুর বিষয়ে সম্মত হয়েছে ইরান ও পাকিস্তান। রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনিরের সঙ্গে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী ইস্কান্দার মোমেনির বৈঠকের পর এ তথ্য জানানো হয়।
বৈঠকে দুই দেশের সম্পর্ক, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, আঞ্চলিক নিরাপত্তা এবং অভিন্ন সীমান্তের কার্যকর ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়। সীমান্ত নিরাপত্তা ও ব্যবস্থাপনার ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়ানোর অঙ্গীকারও করেন দুই দেশের প্রতিনিধিরা।
বৈঠকের পর ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুই প্রতিবেশী দেশের মধ্যে পণ্য পরিবহন ও বাণিজ্য সহজ করতে নতুন সীমান্ত ক্রসিং চালুর বিষয়ে ঐকমত্য হয়েছে।
তিনি জানান, ইরান ও পাকিস্তান দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ বর্তমান প্রায় ৩ বিলিয়ন ডলার থেকে বাড়িয়ে ১০ বিলিয়ন ডলারে নেওয়ার প্রাথমিক লক্ষ্য নির্ধারণ করেছে। এ লক্ষ্য অর্জনে সীমান্ত অবকাঠামোর উন্নয়ন এবং পণ্য পরিবহনের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়াতে হবে।
আঞ্চলিক উত্তেজনা প্রশমন ও শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের কূটনৈতিক ভূমিকার প্রশংসা করেন মোমেনি। একই সঙ্গে আঞ্চলিক নিরাপত্তা এবং পারস্পরিক সমৃদ্ধির লক্ষ্যে ঘনিষ্ঠ সমন্বয় জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন উভয় পক্ষ।
পাকিস্তান সফরকালে দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভির সঙ্গেও বৈঠক করেন ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী।
সূত্র: মেহের নিউজ এজেন্সি