ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেফতারি পরোয়ানা কার্যকর করার স্বাধীন আইনি এখতিয়ার নিউইয়র্ক সিটি প্রশাসনের নেই বলে জানিয়েছেন শহরটির মেয়র জোহরান মামদানি। একই সঙ্গে তিনি মার্কিন কেন্দ্রীয় সরকারকে আইসিসিতে যোগ দিয়ে পরোয়ানাটি কার্যকর করার আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার (২১ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় মামদানি বলেন, নেতানিয়াহু নিউইয়র্কে এলে তাকে গ্রেফতারের কোনো আইনি সুযোগ রয়েছে কি না, তা তার প্রশাসন প্রচলিত আইনের আলোকে বিস্তারিতভাবে পর্যালোচনা করেছে।
তিনি বলেন, পর্যালোচনায় স্পষ্ট হয়েছে যে আইসিসির পরোয়ানা কার্যকর করার স্বাধীন আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই। তবে কেন্দ্রীয় সরকারের সেই ক্ষমতা রয়েছে দাবি করে এ বিষয়ে ওয়াশিংটনকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
মামদানি আরও বলেন, আইসিসির পরোয়ানাভুক্ত অন্য ব্যক্তিদের মতো নেতানিয়াহুকেও গ্রেফতার করে তার বিরুদ্ধে আনা অভিযোগের বিচার হওয়া উচিত।
আইসিসি ২০২৪ সালের ২১ নভেম্বর নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। আদালত জানায়, গাজায় যুদ্ধ পরিচালনার সময় অনাহারকে যুদ্ধের পদ্ধতি হিসেবে ব্যবহার এবং হত্যা, নিপীড়নসহ মানবতাবিরোধী অপরাধ সংঘটনের দায়ে তিনি জড়িত—এমনটি বিশ্বাস করার যৌক্তিক ভিত্তি রয়েছে।
এদিকে, নেতানিয়াহু যুক্তরাষ্ট্র সফরে গেলে কোনোভাবেই গ্রেফতার হবেন না বলে সোমবার আশ্বাস দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নেতানিয়াহুর দপ্তরও মামদানির বক্তব্য প্রত্যাখ্যান করে আইসিসিকে ‘প্রহসনের আদালত’ হিসেবে আখ্যায়িত করেছে।
সূত্র: আল আরাবিয়া