অবশেষে ঢাকার মঞ্চে গান শোনাতে আসছেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী, গীতিকার ও সুরকার অনুপম রায়। আগামী ১ আগস্ট রাজধানীর বিমানবন্দর সংলগ্ন ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে ‘ওয়ান ট্রু সাউন্ড’ শিরোনামের কনসার্ট।
এর আগে ২৬ জুন একই ভেন্যুতে কনসার্টটি আয়োজনের কথা থাকলেও শেষ মুহূর্তে তা স্থগিত করা হয়। নতুন তারিখে আবারও অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি সম্পন্ন করেছে আয়োজক প্রতিষ্ঠান।
আয়োজক প্রতিষ্ঠান ট্রিপল টাইম কমিউনিকেশনের কর্মকর্তা আরিফা শবনম জানান, কনসার্টের সব প্রস্তুতি শেষ হয়েছে। অনলাইনে টিকিট বিক্রিও শুরু হবে। দর্শকদের সুবিধার কথা বিবেচনা করে এবার টিকিটের দাম কিছুটা কমানো হয়েছে।
তিনি জানান, আগের তিন হাজার টাকার টিকিটের মূল্য কমিয়ে ২ হাজার ৫০০ টাকা করা হয়েছে। আগের যারা টিকিট কিনেছিলেন, তাদের অর্থ ফেরতের ব্যবস্থা করা হয়েছে। নতুন করে কনসার্টে অংশ নিতে দর্শকদের আবার টিকিট সংগ্রহ করতে হবে।
‘ওয়ান ট্রু সাউন্ড’ কনসার্টে অনুপম রায়ের একক পরিবেশনার পাশাপাশি বাংলাদেশের একটি ব্যান্ডদলও একই মঞ্চে পারফর্ম করবে।
সংগীতপ্রেমীদের জন্য এই আয়োজনকে ঘিরে এরই মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। আয়োজকরা আশা করছেন, ঢাকার দর্শকদের জন্য এটি হবে একটি বিশেষ সংগীত সন্ধ্যা।