বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় যোগ দিয়েছেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি অংশ নেন।
আলোচনা সভার শুরুতে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ প্রয়াত নেতাকর্মীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এরপর জাতীয় সংগীত ও বিএনপির দলীয় সংগীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানে দলের ইতিহাস ও রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্রও প্রদর্শন করা হয়।
১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেন। চলতি বছর দলটি প্রতিষ্ঠার ৪৮ বছর পূর্ণ করেছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেছিল। ১ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। একই সঙ্গে বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকরণসহ বিভিন্ন কর্মসূচিও পালন করা হয়।
শনিবারের আলোচনা সভা ছিল প্রতিষ্ঠাবার্ষিকীর কেন্দ্রীয় কর্মসূচির অন্যতম আয়োজন। এতে বিএনপির জ্যেষ্ঠ নেতা, বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।