২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার একমাত্র গোলে নেদারল্যান্ডসকে হারিয়ে প্রথমবার বিশ্বকাপ জিতেছিল স্পেন। দীর্ঘ ১৬ বছর পর আবারও সেই শিরোপা জয়ের সুযোগ এসেছে তাদের সামনে। এবার ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে স্পেন।
স্পেনের অধিনায়ক রদ্রি মনে করেন, এই সাফল্য হঠাৎ করে আসেনি। কয়েক বছরের ধারাবাহিক পরিশ্রম ও উন্নতির ফল হিসেবেই বিশ্বকাপ ফাইনালে পৌঁছেছে দল।
রদ্রি বলেন, দল ধীরে ধীরে নিজেদের উন্নত করেছে এবং গত পাঁচ বছর ধরে চলা একটি প্রক্রিয়ার ধারাবাহিকতাতেই বর্তমান সাফল্য এসেছে। তিনি সতীর্থদের হারের ভয় না পেয়ে শিরোপা জয়ের মানসিকতা নিয়ে মাঠে নামার আহ্বান জানিয়েছেন।
২০২৩ সালে নেশন্স লিগ এবং ২০২৪ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয়ের পর স্পেনের আত্মবিশ্বাস আরও বেড়েছে। চলতি বিশ্বকাপে প্রথম সাত ম্যাচে মাত্র একটি গোল হজম করেছে তারা। সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় দলটি।
রদ্রি বলেন, বিশ্বকাপে আসার আগেই তাদের লক্ষ্য ছিল চ্যাম্পিয়ন হওয়া। দল বিশ্বাস করেছিল নিজেদের সামর্থ্য নিয়ে এবং শক্তিশালী প্রতিপক্ষদের হারিয়ে সেই বিশ্বাসের প্রমাণ দিয়েছে।
ফাইনালে ওঠার পথে স্পেনের রক্ষণভাগ, গোলরক্ষক উনাই সিমোনের পারফরম্যান্স এবং গুরুত্বপূর্ণ মুহূর্তে মিকেল মেরিনোর গোল বড় ভূমিকা রেখেছে।
তবে স্পেনের খেলার ধরন শুধু এক ধরনের কৌশলের মধ্যে সীমাবদ্ধ নয় বলে মনে করেন রদ্রি। তার মতে, দলের বড় শক্তি হলো পরিস্থিতি অনুযায়ী নিজেদের কৌশল পরিবর্তনের সক্ষমতা।
৩০ বছর বয়সী এই মিডফিল্ডার বলেন, ফাইনালটি আগের ম্যাচগুলোর চেয়ে আলাদা হতে পারে। আর্জেন্টিনার বিপক্ষে শারীরিক শক্তি ও কৌশলের কঠিন পরীক্ষা দিতে হবে। তবে তার বিশ্বাস, স্পেন যেকোনো পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার মতো ভারসাম্যপূর্ণ দল।
রদ্রি আরও বলেন, ফ্রান্সের বিপক্ষে স্পেন অন্যতম সেরা ম্যাচ খেলেছে। কিন্তু আর্জেন্টিনার বিপক্ষে আরও উন্নত পারফরম্যান্স প্রয়োজন হবে, কারণ তারা বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন।














মন্তব্যসমূহ