জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেছেন, দেশের গণমাধ্যমকে কোনো ব্যক্তি, গোষ্ঠী বা রাজনৈতিক দলের স্বার্থে নয়, বরং জনগণ ও রাষ্ট্রের স্বার্থে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
শুক্রবার (১৭ জুলাই) রাতে দিনাজপুরের হিলি গোডাউন মোড়ে জুলাই পদযাত্রা উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর দেশের মানুষ এমন একটি রাষ্ট্রব্যবস্থার প্রত্যাশা করেছে, যেখানে গণমাধ্যম স্বাধীন ও বস্তুনিষ্ঠ থাকবে এবং রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো জনগণের নিরাপত্তা, ন্যায়বিচার ও অধিকার নিশ্চিত করতে নিরপেক্ষভাবে কাজ করবে।
তিনি বলেন, কোনো রাজনৈতিক দলই স্থায়ী নয়। একসময় আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, বর্তমানে বিএনপি ক্ষমতায় রয়েছে, ভবিষ্যতে অন্য কোনো দলও ক্ষমতায় আসতে পারে। এনসিপি, জামায়াতে ইসলামীসহ কোনো রাজনৈতিক সংগঠনও চিরস্থায়ী নয়। তবে দেশের জনগণ ও রাষ্ট্রের অস্তিত্ব স্থায়ী।
এনসিপির এই নেতা বলেন, রাষ্ট্র পরিচালনার সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলোকে দলীয় পরিচয়ের বাইরে থেকে কাজ করতে হবে। জনগণের স্বার্থ ও দেশের সার্বভৌমত্বকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
গণমাধ্যমের ভূমিকা নিয়ে সারজিস আলম বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় স্বাধীন ও দায়িত্বশীল সংবাদমাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ। সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে গণমাধ্যম সমাজ ও রাষ্ট্রকে সঠিক পথে এগিয়ে নিতে ভূমিকা রাখতে পারে।
তিনি দেশের রাজনৈতিক ইতিহাসের বিভিন্ন বিষয় তুলে ধরে বলেন, ক্ষমতা দীর্ঘস্থায়ী করার জন্য অতীতে নানা রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডের বিষয়ে নিরপেক্ষ তদন্তের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।
সমাবেশে এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
মন্তব্যসমূহ