সদ্য প্রকাশিত উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফলে দেশের শিক্ষাব্যবস্থার প্রকৃত ও বাস্তব চিত্র প্রতিফলিত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম। কোনো ধরনের কৃত্রিমতা বা লোকদেখানো মানসিকতা পরিহার করে প্রকৃত তথ্য প্রকাশের জন্য তিনি বিএনপি সরকারকে ধন্যবাদ জানান।
শনিবার (৩১ অক্টোবর ২০২৬) দুপুরে পঞ্চগড় সদর উপজেলা পরিষদ হলরুমে স্থানীয় একটি পত্রিকার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, বিগত বছরের তুলনায় এবার পাসের হার হ্রাস পেয়েছে এবং জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যাও গত এক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে প্রায় ২৪ হাজারে দাঁড়িয়েছে। এটি শিক্ষার প্রকৃত মানদণ্ডকেই তুলে ধরেছে। এছাড়া প্রায় তিন লাখ শিক্ষার্থী এক বিষয়ে এবং প্রায় সাড়ে চার লাখ শিক্ষার্থী দুই বিষয়ে অকৃতকার্য হয়েছে উল্লেখ করে তিনি বলেন, শিক্ষার্থীদের মূল্যবান শিক্ষাবর্ষ যেন নষ্ট না হয়, সে লক্ষ্যে স্বল্প সময়ের মধ্যে পুনঃপরীক্ষার যে বিশেষ উদ্যোগ সরকার নিয়েছে, তা অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয়।
রাজনৈতিক প্রসঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন নিয়ে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এ ধরনের গুঞ্জন গুরুত্ব দেওয়ার মতো কিছু নয়; তবে তিনি যদি সত্যিই দেশে ফেরার পরিকল্পনা করেন, তবে আওয়ামী লীগের রাজনীতির যতটুকু অবশিষ্টাংশ রয়েছে, সেটুকুও চিরতরে বিলীন হয়ে কবর রচিত হবে। গণঅভ্যুত্থানের পর স্বৈরশাসকদের রাজনীতি জাতীয় পার্টির মতোই স্বাভাবিকভাবে সময়ের আবর্তে নিঃশেষ হয়ে যাবে বলে তিনি মত প্রকাশ করেন।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে জোটের অবস্থান স্পষ্ট করে সারজিস আলম জানান, জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির নির্বাচনি জোট হয়েছিল এবং সংসদে তারা বিরোধী দলীয় জোট হিসেবে একযোগে দায়িত্ব পালন করছে। জাতীয় পর্যায়ের সেই ঐক্য বজায় থাকলেও স্থানীয় সরকার নির্বাচনে জামায়াত, এনসিপি ও শরিক দলগুলো নিজ নিজ অবস্থান থেকে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে।
বিশেষ করে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে এনসিপির দুই নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ও আসিফ মাহমুদকে মেয়র পদে মনোনয়ন দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি স্পষ্ট করেন, কোনো ধরনের আপস বা সমঝোতার উদ্দেশ্যে তাদের প্রার্থী করা হয়নি; বরং শেষ পর্যন্ত পূর্ণ শক্তিতে নির্বাচনি ময়দানে লড়াই চালিয়ে যাবে এনসিপি।
মন্তব্যসমূহ