ভারতের প্রথম হাইড্রোজেনচালিত ট্রেনের উদ্বোধন করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে তৈরি এই ট্রেনটি হরিয়ানার জিন্দ ও সোনিপতের মধ্যে ৮৯ কিলোমিটার রুটে চলাচল করবে।
শুক্রবার (১৭ জুলাই) এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, এর আগে ট্রেনটির পরীক্ষামূলক চলাচল সম্পন্ন হয়েছে এবং যাত্রী পরিবহণের অনুমোদনও দেওয়া হয়েছে।
ভারতীয় রেল জানিয়েছে, এই ট্রেন বিশ্বের দীর্ঘতম ও শক্তিশালী হাইড্রোজেনচালিত ব্রডগেজ ট্রেনগুলোর একটি। এর মাধ্যমে ভারত জার্মানি, জাপান, চীন ও যুক্তরাষ্ট্রের মতো দেশগুলোর সঙ্গে পরিচ্ছন্ন জ্বালানি নির্ভর রেল প্রযুক্তির তালিকায় যুক্ত হলো।
ট্রেনটির জন্য হরিয়ানার জিন্দে বিশেষ হাইড্রোজেন সংরক্ষণ ও রিফুয়েলিং কেন্দ্র স্থাপন করা হয়েছে। সেখানে উৎপাদিত ও সংরক্ষিত হাইড্রোজেন ব্যবহার করে ট্রেনটি চলবে।
হাইড্রোজেন জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে ট্রেনটি পরিচালিত হবে। এতে ধোঁয়া বা ক্ষতিকর গ্যাস নির্গত হয় না, বরং নির্গত হয় শুধু জলীয় বাষ্প। ফলে কার্বন নিঃসরণও অনেক কম।
ট্রেনটিতে রয়েছে দুটি হাইড্রোজেন ড্রাইভিং পাওয়ার কার ও আটটি কোচ। দুটি পাওয়ার কার মিলিয়ে এটি ১ হাজার ৬০০ অশ্বশক্তি ক্ষমতা উৎপন্ন করতে পারে এবং ঘণ্টায় সর্বোচ্চ ১১০ কিলোমিটার গতিতে চলতে সক্ষম।
ভারতীয় রেল জানিয়েছে, জিন্দ-সোনিপত রুটে সফল হলে ভবিষ্যতে হরিয়ানার কালকা থেকে হিমাচলের শিমলা রুটেও হাইড্রোজেন ট্রেন চালুর পরিকল্পনা রয়েছে।
সূত্র: এনডিটিভি














মন্তব্যসমূহ