জুলাই গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন স্থানে গণকবর দেওয়া হয়েছে এবং একটি হাসপাতাল থেকে অনেক মরদেহ নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
তিনি জানান, এসব ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করা এবং গণকবর ও নদীতে পাওয়া মরদেহের পরিচয় নিশ্চিত করার কাজ চলছে। শনাক্তকরণ প্রক্রিয়া শেষ হলে শহীদের সংখ্যা ১ হাজার ৪০০ ছাড়িয়ে যেতে পারে।
বুধবার (১৫ জুলাই) সকালে রাজধানীর রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থানে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের গণকবর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
পরিদর্শনের সময় চিফ প্রসিকিউটর শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন। পরে কবরস্থান এলাকায় একটি গাছের চারা রোপণ করেন।
আমিনুল ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের সরকারি গেজেটে এখন পর্যন্ত ৮৬৫ জনের নাম অন্তর্ভুক্ত হয়েছে। তবে এর বাইরে আরও অনেক মরদেহ গণকবর ও নদীতে পাওয়া গেছে, যাদের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।
তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে জুলাইয়ের সময় যেসব গণকবর দেওয়া হয়েছে, সেগুলো শনাক্তের কাজ চলছে। এসব কবরের মরদেহ এখনো সরকারি তালিকায় যুক্ত হয়নি। পাশাপাশি একটি হাসপাতাল থেকে নদীতে ফেলে দেওয়া মরদেহগুলোর পরিচয় শনাক্তের কাজও চলছে।
গণহত্যার বিচার প্রসঙ্গে চিফ প্রসিকিউটর বলেন, এই ঘটনার সঙ্গে যারা জড়িত, তারা যত প্রভাবশালীই হোক না কেন, তাদের বিচার দেশের মাটিতেই নিশ্চিত করা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।
তিনি আরও বলেন, ঘটনার পর আলামত নষ্ট করা এবং মরদেহ গুম করার যে চেষ্টা করা হয়েছিল, তদন্তের মাধ্যমে সেসব বিষয় বের করে আনা হচ্ছে। অপরাধীদের শনাক্ত করে দ্রুত আইনি প্রক্রিয়া সম্পন্ন করার বিষয়ে শহীদ পরিবারগুলোকে আশ্বস্ত করেন তিনি।














মন্তব্যসমূহ