দেশের গুরুত্বপূর্ণ চারটি খাতকে গতিশীল করতে সরকারের চার মন্ত্রীকে পরিবর্তনের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান। পোস্টে অর্থমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে পরিবর্তনের কথা বলেন তিনি।
নাসীরুদ্দীন পাটওয়ারী লিখেছেন, দেশের অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা ও অভ্যন্তরীণ নিরাপত্তা খাতকে গতিশীল করতে এই চার মন্ত্রীকেই পরিবর্তন করা উচিত।
চার মন্ত্রীর পরিবর্তনের দাবি জানিয়ে দেওয়া তাঁর পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।
এর আগে সোমবার দেওয়া আরেকটি ফেসবুক পোস্টে বন্যা ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি ও আলিম পরীক্ষা নেওয়ার সমালোচনা করেন এনসিপির এই নেতা।
তিনি বলেন, শিক্ষার্থীদের জীবন ও নিরাপত্তাকে পরীক্ষার চেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। বন্যা পরিস্থিতি বিবেচনা করে এইচএসসি ও আলিম পরীক্ষা নিয়ে দ্রুত এবং মানবিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বানও জানান তিনি।
মন্তব্যসমূহ