চট্টগ্রামের আনোয়ারা ও বাঁশখালী উপজেলায় টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
রোববার ও সোমবার দিনব্যাপী সেনাবাহিনীর সদস্যরা দুর্গম ও পানিবন্দি এলাকায় গিয়ে শুকনা খাবার, বিশুদ্ধ পানিসহ প্রয়োজনীয় ত্রাণসামগ্রী দুর্গত মানুষের হাতে তুলে দেন।
ত্রাণ বিতরণের সময় শিশু, নারী ও বয়স্কদের প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়া হয়। পাশাপাশি সেনাসদস্যরা বন্যাকবলিত মানুষের খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।
ত্রাণ পাওয়া কয়েকটি পরিবারের সদস্যরা জানান, কয়েক দিন ধরে পানিবন্দি অবস্থায় তারা দুর্ভোগে ছিলেন। সেনাবাহিনীর সহায়তা তাদের জন্য স্বস্তি এনে দিয়েছে।
দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা জানান, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্বের অংশ। যত দিন প্রয়োজন হবে, স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম অব্যাহত রাখা হবে।
মন্তব্যসমূহ