ময়মনসিংহের নান্দাইল উপজেলার বনগ্রাম বাজার চৌরাস্তা থেকে দশধার এলাকার দিকে যাওয়া গুরুত্বপূর্ণ সড়কটির সংস্কারকাজ দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দা, পথচারী ও যানবাহনের যাত্রীরা।
স্থানীয়রা জানান, কয়েক মাস আগে সড়কটির উন্নয়নকাজ শুরু হয়েছিল। তবে অল্প কিছু কাজ করার পরই তা বন্ধ হয়ে যায়। এরপর থেকে ঠিকাদারি প্রতিষ্ঠানের কোনো কার্যক্রম দেখা যায়নি।
অসমাপ্ত কাজের কারণে সড়কটি বর্তমানে চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। শুষ্ক মৌসুমে ধুলাবালিতে অতিষ্ঠ ছিলেন এলাকাবাসী। বর্ষা শুরু হওয়ার পর সড়কের বিভিন্ন স্থানে পানি জমে বড় বড় গর্ত তৈরি হয়েছে।
বিশেষ করে বনগ্রাম বাজার এলাকায় কাদা ও জলাবদ্ধতার কারণে মানুষের চলাচল কঠিন হয়ে পড়েছে। স্কুল-কলেজগামী শিক্ষার্থী, রোগীবাহী যানবাহন এবং সাধারণ যাত্রীদের প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে সংস্কারকাজ বন্ধ থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর তদারকি দেখা যাচ্ছে না। বেহাল সড়কের কারণে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনাও ঘটছে।
স্থানীয় বাসিন্দারা দ্রুত অসমাপ্ত কাজ পুনরায় শুরু করে সড়কটি স্থায়ীভাবে সংস্কারের দাবি জানিয়েছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তর ও জনপ্রতিনিধিদের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
মন্তব্যসমূহ