বাংলাদেশি নাগরিকদের জন্য অভিবাসী (ইমিগ্র্যান্ট) ভিসা সাময়িকভাবে স্থগিত রাখার বিষয়ে ব্যাখ্যা দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। দূতাবাস জানিয়েছে, অভিবাসন-সংক্রান্ত নীতিমালা পর্যালোচনা এবং যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণমূলক সুবিধার ব্যবহারের বিষয়টি বিবেচনায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার প্রকাশিত এক বিবৃতিতে দূতাবাস জানায়, চলতি বছরের ২১ জানুয়ারি থেকে অভিবাসী ভিসা সাময়িকভাবে স্থগিত রয়েছে। তাদের মতে, যুক্তরাষ্ট্রের করদাতাদের স্বার্থ রক্ষা এবং নতুন অভিবাসীরা যেন সরকারি কল্যাণমূলক কর্মসূচির ওপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে না পড়েন, তা নিশ্চিত করার লক্ষ্যে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, এই সাময়িক স্থগিতাদেশের মাধ্যমে অভিবাসী ভিসা আবেদন যাচাই-বাছাইয়ের বিদ্যমান নীতিমালা ও প্রক্রিয়া পুনর্মূল্যায়নের সুযোগ সৃষ্টি হবে। এর ফলে আবেদন মূল্যায়ন প্রক্রিয়াকে আরও কার্যকর করা এবং যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার সুযোগ তৈরি হবে বলে মনে করছে দূতাবাস।
তবে মার্কিন দূতাবাস স্পষ্ট করেছে, এ সিদ্ধান্ত শুধুমাত্র অভিবাসী (ইমিগ্র্যান্ট) ভিসার ক্ষেত্রে প্রযোজ্য। পর্যটক, শিক্ষার্থী, ব্যবসায়িক সফর কিংবা অন্যান্য অনভিবাসী (নন-ইমিগ্র্যান্ট) ভিসার আবেদনকারীদের জন্য বিদ্যমান ভিসা কার্যক্রম আগের মতোই চলবে এবং এ স্থগিতাদেশ তাদের ওপর কোনো প্রভাব ফেলবে না।














মন্তব্যসমূহ