দক্ষিণ ইউরোপজুড়ে চলমান তীব্র তাপপ্রবাহের মধ্যে স্পেনের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভয়াবহ দাবানলে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন। আগুন নিয়ন্ত্রণে দমকল বাহিনী ও জরুরি সেবা সংস্থাগুলো ব্যাপক অভিযান চালাচ্ছে।
স্পেনের আন্দালুসিয়া অঞ্চলের আলমেরিয়া প্রদেশের লস গাইয়ারদোস এলাকায় বৃহস্পতিবার দাবানলের সূত্রপাত হয়। আঞ্চলিক প্রশাসনের তথ্য অনুযায়ী, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় বেশ কয়েকটি এলাকা ঝুঁকির মুখে পড়ে। নিহতদের মধ্যে কয়েকজনের মরদেহ আগুনে পুড়ে যাওয়া গাড়ির ভেতর থেকে উদ্ধার করা হয়েছে।
স্থানীয়দের ধারণা, বিদ্যুতের একটি তার ছিঁড়ে পড়ার পর আগুনের সূত্রপাত হতে পারে। তবে দাবানলের প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে এবং কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো কারণ নিশ্চিত করেনি।
আন্দালুসিয়া সরকারের প্রধান হুয়ানমা মোরেনো ঘটনাটিকে একটি মর্মান্তিক দুর্ঘটনা হিসেবে উল্লেখ করে নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন।
দাবানল নিয়ন্ত্রণে প্রায় ১৫০ জন দমকলকর্মী কাজ করছেন। পাশাপাশি স্পেনের সামরিক জরুরি ইউনিটও (ইউএমই) উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণ কার্যক্রমে অংশ নিয়েছে। নিরাপত্তার স্বার্থে প্রায় এক হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
আহতদের মধ্যে একজনকে ধোঁয়াজনিত শ্বাসকষ্টের কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আরেকজন দগ্ধ হয়েছেন। অন্য চারজনকে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
চলমান তাপপ্রবাহে স্পেনের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, কিছু এলাকায় তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে। একই সময়ে ফ্রান্স ও পর্তুগালেও একাধিক দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এর আগে জানিয়েছিলেন, চলতি গ্রীষ্মে দাবানল মোকাবিলায় দেশের ইতিহাসের সবচেয়ে বড় প্রস্তুতি নেওয়া হয়েছে।
ইউরোপীয় বন অগ্নিকাণ্ড তথ্যব্যবস্থার তথ্য অনুযায়ী, গত বছর স্পেনে প্রায় ৩ লাখ ৯৩ হাজার হেক্টর বনভূমি আগুনে পুড়ে যায়, যা আগের দীর্ঘমেয়াদি গড়ের তুলনায় কয়েক গুণ বেশি।
বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ইউরোপে তাপমাত্রা দ্রুত বাড়ছে। এর ফলে দীর্ঘস্থায়ী তাপপ্রবাহ, পানির সংকট এবং বড় ধরনের দাবানলের ঝুঁকিও ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।
সূত্র : রয়টার্স
মন্তব্যসমূহ