বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম ত্রয়োদশ জাতীয় সংসদকে দেশের ইতিহাসের সবচেয়ে কার্যকর ও শক্তিশালী সংসদ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, গণতন্ত্রকে আরও সুদৃঢ় করতে সংসদ সদস্যদের দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে বাজেট অ্যানালাইসিস অ্যান্ড মনিটরিং ইউনিট (বামু) আয়োজিত ‘বাজেট হেল্পডেস্ক ২০২৬’-এর সপ্তম ব্রিফিং সেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
চিফ হুইপ বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচিত সদস্যদের প্রতি তার প্রত্যাশা, তারা সংসদকে আরও কার্যকর, জবাবদিহিমূলক এবং গণতন্ত্রের কেন্দ্রবিন্দু হিসেবে প্রতিষ্ঠিত করতে কাজ করবেন।
তিনি সংসদের বিভিন্ন স্থায়ী কমিটির গুরুত্ব তুলে ধরে বলেন, সরকারি হিসাব সম্পর্কিত কমিটি, অনুমিত হিসাব সম্পর্কিত কমিটি এবং সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটিসহ সংসদীয় স্থায়ী কমিটিগুলোর কার্যকর ভূমিকা আর্থিক শৃঙ্খলা বজায় রাখা, জবাবদিহিতা নিশ্চিত করা এবং সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখে।
তিনি আরও বলেন, একটি কার্যকর সংসদ গড়ে তুলতে সংসদ সদস্যদের সক্রিয় অংশগ্রহণ, দায়িত্বশীল আচরণ এবং স্থায়ী কমিটিগুলোর কার্যক্রমে নিয়মিত সম্পৃক্ততা অপরিহার্য।
এদিন অনুষ্ঠিত অষ্টম ব্রিফিং সেশনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম ‘স্থানীয় সরকার বিভাগের প্রতিষ্ঠানসমূহ: সকল স্তরে বাজেট বরাদ্দ’ বিষয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচিত সদস্যরা অংশ নেন।
এ ছাড়া ব্রিফিংয়ে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজন উপস্থিত ছিলেন।
মন্তব্যসমূহ