নোয়াখালীর সেনবাগ উপজেলায় ‘শাহজাদপুর-সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ’ খনন শেষে নতুন গ্যাসের সন্ধান পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। প্রাথমিক পর্যবেক্ষণে ধারণা করা হচ্ছে, এই কূপ থেকে দৈনিক প্রায় ৭ মিলিয়ন (৭০ লাখ) ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করা সম্ভব হবে।
সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের বড় চারিগাঁও গ্রামে অবস্থিত এই কূপে মঙ্গলবার (৬ অক্টোবর) চূড়ান্তভাবে গ্যাসের উপস্থিতি সম্পর্কে নিশ্চিত হন বাপেক্সের প্রকৌশলীরা। কূপটিতে বর্তমানে ‘ড্রিল স্টেম টেস্ট’ বা ডিএসটি (DST) কার্যক্রম চলমান রয়েছে। এই পরীক্ষা সম্পন্ন হলেই কূপে মোট প্রমাণিত ও সম্ভাব্য মজুদের পরিমাণ নিশ্চিত করা যাবে।
বাপেক্স সূত্রে জানা গেছে, গত ২৮ জুলাই কূপটির খনন কার্যক্রম শুরু হয়। আধুনিক প্রযুক্তির ‘ডিরেকশনাল ওয়েল’ পদ্ধতিতে মেজারমেন্ট হোয়াইল ড্রিলিং (এমডব্লিউডি) প্রক্রিয়ায় ভূগর্ভের ১ হাজার ৫৭৮ মিটার পর্যন্ত খনন করা হয়। এর মধ্যে ১ হাজার ৪২০ মিটার থেকে ১ হাজার ৪৬০ মিটার গভীরতার জোনে নির্ভরযোগ্য গ্যাসের অস্তিত্ব শনাক্ত করা সম্ভব হয়েছে।
প্রকল্প পরিচালক মো. মোজাম্মেল হক গ্যাস পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, পরবর্তী দুই থেকে তিন দিন ডিএসটি পরীক্ষা পর্যবেক্ষণ করা হবে। এরপরই কূপটির বাণিজ্যিক সম্ভাবনা ও মোট মজুদের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য জানা যাবে।
মন্তব্যসমূহ