রাজশাহীতে ইসলামি আলোচক শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসিরুল কুরআন মাহফিলকে কেন্দ্র করে পকেটমারির অভিযোগে ৩৭ নারীকে আটক করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। বিপুল মানুষের সমাগমের সুযোগ নিয়ে পকেটমারির ঘটনা ঘটতে পারে, এমন আশঙ্কায় আগে থেকেই নজরদারি বাড়িয়েছিল পুলিশ।
শনিবার (২৮ নভেম্বর) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মিডিয়া মুখপাত্র ও ডিবি প্রধান গাজিউর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশের তথ্য অনুযায়ী, আটক নারীরা দেশের বিভিন্ন এলাকা থেকে রাজশাহীতে এসেছিলেন। মাহফিলকে ঘিরে সন্দেহজনক চলাফেরা এবং পকেটমারির সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাঁদের আটক করা হয়েছে।
ডিবি প্রধান গাজিউর রহমান জানান, রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে আয়োজিত তাফসির মাহফিলে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতির সম্ভাবনা রয়েছে। এ কারণে মাহফিলস্থল ও আশপাশের এলাকায় পকেটমারি প্রতিরোধে আগাম গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়।
নজরদারির সময় বিভিন্ন এলাকা থেকে আসা ৩৭ নারীর গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তাঁদের আটক করে ডিবি পুলিশ। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন গাজিউর রহমান।
এদিকে শনিবার বিকেল ৩টায় রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে ওলামা-মাশায়েখ পরিষদের উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল শুরু হওয়ার কথা রয়েছে।
মাহফিলে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর। তাঁর অংশগ্রহণকে কেন্দ্র করে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মানুষের উপস্থিতির প্রত্যাশা করছেন আয়োজকেরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর আমির ডা. মোহাম্মদ জাহাঙ্গীর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে সরকারের ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর।
মাহফিলকে ঘিরে জনসমাগমের বিষয়টি বিবেচনায় নিয়ে নিরাপত্তা ও গোয়েন্দা তৎপরতা বাড়িয়েছে পুলিশ। এরই অংশ হিসেবে পকেটমারির অভিযোগে ৩৭ নারীকে আটক করা হয়েছে।














মন্তব্যসমূহ