৮ বিভাগে মাহফিল করার ঘোষণা মিজানুর রহমান আজহারীর
দীর্ঘ এক বছরের বিরতির পর দেশের আট বিভাগে আবারও উন্মুক্ত মাঠে তাফসিরুল কুরআন মাহফিল আয়োজনের ঘোষণা দিয়েছেন ইসলামি আলোচক ড. মিজানুর রহমান আজহারী। একই সঙ্গে এসব মাহফিলে শান্তিপূর্ণ পরিবেশ, ধর্মীয় শিষ্টাচার ও শৃঙ্খলা বজায় রাখতে সবার সহযোগিতা চেয়েছেন তিনি।বুধবার (২৫ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন মিজানুর রহমান আজহারী।পোস্টে তিনি জানান, এক বছরের বিরতির পর দেশের আট বিভাগে আবারও তাঁর আউটডোর তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। দীর্ঘদিন ধরে ওয়াজ-মাহফিল বাংলাদেশের ধর্মীয় ও সামাজিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে পরিচিত বলেও উল্লেখ করেন তিনি।আজহারী বলেন, এসব ধর্মীয় আয়োজন সুন্দর ও সফল করতে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং আন্তরিক সহযোগিতা প্রয়োজন। বিশেষ করে মাহফিলস্থলে শৃঙ্খলা বজায় রাখা, ধর্মীয় শিষ্টাচার মেনে চলা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।তাঁর মতে, কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে কুরআনের মাহফিলের মূল উদ্দেশ্য ও পরিবেশ নষ্ট করতে না পারে, সে বিষয়ে আয়োজক ও অংশগ্রহণকারীদের সচেতন থাকতে হবে।মাহফিলের উদ্দেশ্য তুলে ধরে মিজানুর রহমান আজহারী বলেন, শুধু বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি কিংবা বড় আয়োজনই একটি তাফসির মাহফিলের সফলতার মানদণ্ড নয়। বরং কুরআন ও সুন্নাহর শিক্ষা মানুষের চিন্তা, চরিত্র ও দৈনন্দিন জীবনে প্রতিফলিত হওয়াই হওয়া উচিত এসব আয়োজনের প্রধান লক্ষ্য।তিনি মনে করেন, ধর্মীয় শিক্ষার আলোকে ব্যক্তির আচরণে ইতিবাচক পরিবর্তন এলে তার প্রভাব পরিবার ও সমাজেও পড়বে।নিজের পোস্টে আজহারী লেখেন, ‘কুরআনের মাহফিল শুধু জনসমাগম নয়, হোক জীবন বদলের আয়োজন।’শিগগিরই বিভিন্ন শহরে শ্রোতাদের সঙ্গে দেখা হওয়ার আশাও প্রকাশ করেন তিনি।এর আগে ২০২৫ সালের নভেম্বরে দেশের আট বিভাগে নির্ধারিত উন্মুক্ত মাঠের তাফসির মাহফিল স্থগিত করেছিলেন মিজানুর রহমান আজহারী। সে সময় দেশের সার্বিক পরিস্থিতি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যস্ততাকে সিদ্ধান্তটির কারণ হিসেবে উল্লেখ করেছিলেন তিনি। এদিকে আগামী ২৮ নভেম্বর রাজশাহীতে একটি তাফসির মাহফিলে তাঁর অংশ নেওয়ার কর্মসূচি ঘোষণা করেছেন স্থানীয় আয়োজকেরা। এ বিষয়ে ১৯ নভেম্বর সংবাদ সম্মেলন করে প্রস্তুতির বিস্তারিত তুলে ধরা হয়। তবে আট বিভাগের সব মাহফিলের নির্দিষ্ট তারিখ, স্থান ও পূর্ণাঙ্গ সময়সূচি এখনো প্রদত্ত ঘোষণায় জানানো হয়নি।