দেশের বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ৯৮ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে গোপালগঞ্জে মোতায়েন করা হয়েছে বাহিনীটির দুই ব্যাটালিয়ন সদস্য।
বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় রাজধানী ঢাকাসহ গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে।
এসব এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট জেলা প্রশাসন এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা।
বিশেষ করে গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল এবং জননিরাপত্তার দিক থেকে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। সম্ভাব্য বিশৃঙ্খলা ও সহিংসতা প্রতিরোধেও সতর্ক অবস্থানে রয়েছেন বাহিনীর সদস্যরা।
বিজিবি জানিয়েছে, সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, এমন কর্মকাণ্ড প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পরিস্থিতি পর্যবেক্ষণ ও নিরাপত্তা কার্যক্রম জোরদার করা হয়েছে।
মাঠপর্যায়ের কার্যক্রম তদারকিতে আধুনিক প্রযুক্তিও ব্যবহার করছে বাহিনীটি।
বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে বিভিন্ন এলাকায় মোতায়েন করা সদস্যদের কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে। এ জন্য ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং অন্যান্য প্রযুক্তির মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও চিত্র ব্যবহার করা হচ্ছে।
এসব ভিডিও চিত্র সার্বক্ষণিক পর্যবেক্ষণের মাধ্যমে মাঠপর্যায়ের পরিস্থিতি সম্পর্কে তথ্য সংগ্রহ এবং প্রয়োজনীয় সমন্বয় কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে বিজিবি।
বাহিনীটির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, সীমান্তে নিয়মিত নিরাপত্তার দায়িত্ব পালনের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায়ও কাজ করছেন সদস্যরা।
এ ক্ষেত্রে পেশাদারত্ব, শৃঙ্খলা ও ধৈর্য বজায় রেখে দায়িত্ব পালনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
বিজিবির ভাষ্য অনুযায়ী, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, স্বাভাবিক চলাচল বজায় রাখা এবং দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পরিস্থিতি অনুযায়ী সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি।














মন্তব্যসমূহ