তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণে রাজধানীর সেগুনবাগিচায় বৈঠকে বসেছে নিম্নতম মজুরি বোর্ড। একই সময়ে শ্রম ভবনের বাইরে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। হেলপারের মাসিক নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, গ্রেপ্তার শ্রমিক ও নেতাদের মুক্তি এবং হয়রানি বন্ধের দাবি জানাচ্ছেন তাঁরা।
সোমবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় শ্রম ভবনে বোর্ডের তৃতীয় সভা শুরু হয়। বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে মালিকপক্ষের প্রতিনিধিদের নতুন মজুরি কাঠামোর লিখিত প্রস্তাব জমা দেওয়ার কথা রয়েছে।
সভায় পোশাকশিল্পের বিভিন্ন শ্রেণির শ্রমিক ও কর্মচারীদের নিম্নতম মজুরি নির্ধারণের সুপারিশ নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
এদিকে সকাল থেকেই শ্রম ভবনের সামনে পৃথক ব্যানারে অবস্থান কর্মসূচি পালন করছেন শ্রমিক মুক্তি সংগ্রাম পরিষদ, গাজীপুর, বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদ এবং গার্মেন্টস শ্রমিক পরিষদের নেতাকর্মীরা।
বিক্ষোভকারীরা হেলপারের নিম্নতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা ঘোষণার দাবি জানান। পাশাপাশি মজুরি নির্ধারণে সময়ক্ষেপণ বন্ধ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে শ্রমিকদের জন্য মর্যাদাপূর্ণ মজুরি কাঠামো প্রণয়নের আহ্বান জানান তাঁরা।
শুধু মজুরি বৃদ্ধি নয়, চলমান আন্দোলন ঘিরে গ্রেপ্তার শ্রমিক ও শ্রমিকনেতাদের মুক্তির দাবিও জানানো হয় কর্মসূচি থেকে। শ্রমিকদের বিরুদ্ধে হামলা, মামলা ও হয়রানি বন্ধের পাশাপাশি চাকরির নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান সংগঠনগুলোর প্রতিনিধিরা।
এ ছাড়া মজুরি আন্দোলনে নিহত শ্রমিক তৌফিক ও সেলিমের পরিবারকে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কনভেনশন-১২১ অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয়েছে।
বিক্ষোভকারীদের বক্তব্য, শ্রমিকদের দাবি মোকাবিলায় দমন-পীড়নের পরিবর্তে অর্থবহ আলোচনা প্রয়োজন। একই সঙ্গে শ্রমিকদের অধিকার ও পোশাকশিল্পের স্থিতিশীলতা রক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তাঁরা।
এর আগে গত ৯ নভেম্বর অনুষ্ঠিত মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় নতুন বেতন কাঠামোর প্রস্তাব জমা দেয় শ্রমিকপক্ষ। শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার চারটি গ্রেডে মাসিক মজুরি নির্ধারণের সুপারিশ করেন।
প্রস্তাব অনুযায়ী, শ্রমিকদের প্রথম গ্রেডে ৪৮ হাজার, দ্বিতীয় গ্রেডে ৪৩ হাজার, তৃতীয় গ্রেডে ৩৮ হাজার এবং চতুর্থ গ্রেডে ৩২ হাজার টাকা মজুরি নির্ধারণের কথা বলা হয়েছে। নতুন নিয়োগপ্রাপ্ত বা শিক্ষানবিশ শ্রমিকদের জন্য ৩০ হাজার টাকা প্রস্তাব করা হয়।
পাশাপাশি অফিস স্টাফ ও কর্মচারীদের জন্যও পৃথক মজুরি কাঠামোর প্রস্তাব দেয় শ্রমিকপক্ষ। সেখানে প্রথম গ্রেডে ৫৫ হাজার, দ্বিতীয় গ্রেডে ৫০ হাজার, তৃতীয় গ্রেডে ৪৫ হাজার এবং চতুর্থ গ্রেডে ৪০ হাজার টাকা মাসিক মজুরি নির্ধারণের সুপারিশ করা হয়েছে।
তবে দ্বিতীয় সভায় মালিকপক্ষ নিজেদের প্রস্তাব জমা দিতে পারেনি। প্রস্তাব তৈরির জন্য সাত কার্যদিবস সময় চাওয়া হলেও বোর্ড চার কার্যদিবস সময় দেয়। সে অনুযায়ী, ১৫ নভেম্বরের মধ্যে প্রস্তাব জমা দেওয়ার কথা ছিল।
এর আগে ৪ নভেম্বর অনুষ্ঠিত প্রথম সভায় শ্রমিক ও মালিকপক্ষকে নিজেদের প্রস্তাবিত মজুরি কাঠামো প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়।
পরবর্তী সময়ে ১৬ নভেম্বর তৃতীয় সভা হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়। পরে নতুন তারিখ নির্ধারণ করা হয় ২৩ নভেম্বর।
বর্তমানে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মাসিক নিম্নতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা। ২০২৩ সালের নভেম্বরে এই মজুরি কাঠামো ঘোষণা করা হয়, যা ওই বছরের ডিসেম্বর থেকে কার্যকর হয়। এর আগে ২০১৮ সালে নিম্নতম মজুরি ছিল আট হাজার টাকা।
দ্রব্যমূল্য, বাড়িভাড়া, চিকিৎসা ও অন্যান্য জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কথা তুলে ধরে দীর্ঘদিন ধরে মজুরি বাড়ানোর দাবি জানিয়ে আসছেন শ্রমিকেরা। বিভিন্ন শ্রমিক সংগঠনের পক্ষ থেকেও মাসিক নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি জানানো হয়েছে।
গত ১ নভেম্বর পোশাকশিল্পের জন্য ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী। নিরপেক্ষ সদস্য হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমেদ।
মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে রয়েছেন বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব এবং বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালক এ বি এম শামসুদ্দিন।
অন্যদিকে শ্রমিকপক্ষের প্রতিনিধিত্ব করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন এবং বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার।
মজুরি বোর্ডের তৃতীয় সভা ঘিরে এখন মূল আলোচনার বিষয় মালিকপক্ষের প্রস্তাব। শ্রমিকপক্ষের ৩২ হাজার টাকার নিম্নতম মজুরির দাবির বিপরীতে মালিকেরা কত টাকা প্রস্তাব করেন এবং নতুন মজুরি কাঠামো নিয়ে কী ধরনের অগ্রগতি হয়, তা বৈঠকের পর স্পষ্ট হওয়ার কথা।














মন্তব্যসমূহ