ঢাকা রেঞ্জের আওতাধীন জেলাগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও তদারকি কার্যক্রম আরও জোরদার করতে ১২ জন পুলিশ কর্মকর্তাকে সাময়িকভাবে সংযুক্ত করেছে পুলিশ সদর দপ্তর। আগামী দুই মাস তাঁরা ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শকের (ডিআইজি) কার্যালয়ে দায়িত্ব পালন করবেন।
রোববার (২২ নভেম্বর) পুলিশ সদর দপ্তরের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে জারি করা দুটি পৃথক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। প্রজ্ঞাপন দুটিতে স্বাক্ষর করেন অ্যাডিশনাল ডিআইজি রায়হান উদ্দিন খান।
সংযুক্ত কর্মকর্তাদের মধ্যে আটজন অতিরিক্ত পুলিশ সুপার ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার। অন্য চারজন সহকারী পুলিশ সুপার।
প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি), গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি), পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এবং পুলিশ সদর দপ্তর থেকে এসব কর্মকর্তাকে ঢাকা রেঞ্জে সংযুক্ত করা হয়েছে।
আট কর্মকর্তার মধ্যে রয়েছেন ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. রোকনুজ্জামান সরকার এবং সিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. সোহেল রানা।
এ ছাড়া পুলিশ সদর দপ্তরের ছয় অতিরিক্ত পুলিশ সুপার সাখের হোসেন সিদ্দিকী, মোহাম্মদ শাহ ইমরান, মো. মেহেদী হাসান, এস এম আল-বেরুনী, এ বি এম মুজাহিদুল ইসলাম ও মো. আতিকুর রহমানকে সংযুক্ত করা হয়েছে।
সহকারী পুলিশ সুপার পদমর্যাদার চার কর্মকর্তা হলেন সিআইডির মো. মোকছেদুল মমিন, পুলিশ সদর দপ্তরের মো. আবু সিয়াম ও মো. মাকসুদুল হাসান এবং জিএমপির সালাউদ্দিন শাকিল।
পুলিশ সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী, এসব কর্মকর্তা ঢাকা রেঞ্জের আওতাধীন জেলাগুলোর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। পাশাপাশি তদারকি ও প্রয়োজনীয় সমন্বয় কার্যক্রম জোরদার করার কাজে যুক্ত থাকবেন।
তাঁদের সংযুক্তির মেয়াদ নির্ধারণ করা হয়েছে দুই মাস। অর্থাৎ এটি স্থায়ী পদায়ন নয়, নির্দিষ্ট সময়ের জন্য দায়িত্ব পালনের ব্যবস্থা।
প্রজ্ঞাপনে সংশ্লিষ্ট ১২ কর্মকর্তাকে সোমবার (২৩ নভেম্বর) এর মধ্যে ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।














মন্তব্যসমূহ