প্রবাসী বাংলাদেশিদের পাঠানো অর্থের পাশাপাশি তাঁদের অর্জিত জ্ঞান, দক্ষতা, গবেষণা ও আন্তর্জাতিক অভিজ্ঞতাকে দেশের উন্নয়নে কাজে লাগানোর ওপর গুরুত্ব দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, বাংলাদেশকে এগিয়ে নিতে আর্থিক রেমিট্যান্সের পাশাপাশি ‘ইন্টেলেকচুয়াল রেমিট্যান্স’ বা মেধাভিত্তিক অবদানও প্রয়োজন।
রোববার (২২ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ৪টা ১৫ মিনিটে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের ক্যাম্পবেলটাউনে প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত ‘জুলাই অভ্যুত্থান ও তার পরবর্তী সময়: Voices from Australia’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, বিশ্বের বিভিন্ন দেশে মেধা ও যোগ্যতার স্বাক্ষর রাখা বাংলাদেশিরা যেন নিজ দেশে ফিরে উন্নয়নে ভূমিকা রাখতে পারেন, সে জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে। সুযোগ পেলে প্রবাসীদের সঙ্গে অতিথির মতো নয়, পরিবারের সদস্য হিসেবে আচরণ করার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি।
প্রবাসীদের অবদান ও মর্যাদা নিয়ে বক্তব্য
জুলাই গণ-অভ্যুত্থানে প্রবাসী বাংলাদেশিদের ভূমিকার কথা স্মরণ করে জামায়াত আমির বলেন, আন্দোলনের সময় দেশের মানুষের ওপর নির্যাতন ও নিপীড়নের তথ্য আন্তর্জাতিক অঙ্গনে পৌঁছে দিতে প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।
তাঁর বক্তব্য অনুযায়ী, বিভিন্ন দেশে সভা-সমাবেশের ওপর বিধিনিষেধ থাকা সত্ত্বেও অনেক প্রবাসী বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের দাবিতে কর্মসূচিতে অংশ নিয়েছিলেন। এ কারণে কেউ কেউ গ্রেপ্তার ও কারাবরণের শিকার হয়েছেন।
তিনি দাবি করেন, এখনো ৫৪ জন প্রবাসী কারাগারে রয়েছেন। বিষয়টিকে অত্যন্ত দুঃখজনক উল্লেখ করেন তিনি।
দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদান তুলে ধরে ডা. শফিকুর রহমান বলেন, রেমিট্যান্স পাঠিয়ে অর্থনীতিকে সচল রাখার পরও দেশে ফিরে অনেক প্রবাসী প্রত্যাশিত সম্মান পান না। বিমানবন্দরসহ বিভিন্ন জায়গায় দুর্ব্যবহার এবং শারীরিক লাঞ্ছনার অভিযোগও রয়েছে।
প্রবাসীদের যথাযথ মর্যাদা ও সম্মান নিশ্চিত করার পাশাপাশি তাঁদের ভোটাধিকার প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেন বিরোধীদলীয় নেতা। তিনি জানান, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনেও প্রবাসীরা ভোটাধিকার থেকে বঞ্চিত হলে জামায়াতে ইসলামী তার প্রতিবাদ করবে।
জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের দাবি
জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতিচারণ করে ডা. শফিকুর রহমান বলেন, আন্দোলনে আহত অনেক মানুষ এখনো শারীরিক কষ্ট নিয়ে জীবনযাপন করছেন। কেউ হাত-পা হারিয়েছেন, কেউ দৃষ্টিশক্তি হারিয়েছেন। তবে তাঁদের মনোবল অটুট রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
আহত আন্দোলনকারীদের সঙ্গে নিজের কথোপকথনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও তাঁদের অনেকে দেশের প্রয়োজনে আবারও ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন।
আন্দোলনে অংশ নেওয়া একজন মায়ের কথাও উল্লেখ করেন তিনি, যিনি ১০ মাসের শিশুকে সঙ্গে নিয়ে রাজপথে নেমেছিলেন।
জামায়াত আমিরের মতে, জুলাই অভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল বৈষম্যহীন, মানবিক ও ন্যায়বিচারভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠা। আন্দোলনের ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান স্মরণ করে তিনি বলেন, এই গণ-অভ্যুত্থানের কোনো একক পরিকল্পনাকারী বা মাস্টারমাইন্ড ছিল না।
তিনি বলেন, পানি বিতরণ করতে গিয়ে নিহত মুগ্ধ, গুলিতে নিহত আবু সাঈদ এবং আন্দোলনে অংশ নেওয়া অসংখ্য ছাত্র-জনতাই জুলাইয়ের প্রকৃত নায়ক। শহীদদের কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের সম্পদ হিসেবে বিবেচনা করা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।
গণভোটের রায় বাস্তবায়নে অনড় অবস্থান
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দিতে গিয়ে ডা. শফিকুর রহমান বলেন, জুলাই সনদ ও গণভোটে জনগণের দেওয়া রায় বাস্তবায়ন করতে হবে।
এ বিষয়ে সংসদেও জামায়াতে ইসলামী অবস্থান তুলে ধরেছে বলে জানান তিনি। তাঁর মতে, জনগণের প্রত্যাশাকে উপেক্ষা করে রাষ্ট্র পরিচালনা করা যায় না।
প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার সম্পন্ন করার ওপর গুরুত্ব দিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, রাজনৈতিক চাপ কিংবা প্রলোভনের কারণে তাঁর দল নিজেদের আদর্শ ও প্রতিশ্রুতি থেকে সরে আসবে না।
তরুণ নেতৃত্বে আগামীর বাংলাদেশ
দেশের ভবিষ্যৎ নেতৃত্বে তরুণদের অংশগ্রহণ বাড়ানোর পরিকল্পনার কথাও জানান জামায়াত আমির।
তিনি বলেন, "আমরা বাংলাদেশকে তরুণদের হাতে তুলে দিতে চাই। বাংলাদেশের নামের এয়ারক্রাফটের ককপিটে তরুণরা বসবে, আর আমরা বসবো প্যাসেঞ্জার সিটে।"
তরুণ নেতৃত্বের প্রতি আস্থার কথা জানিয়ে তিনি দাবি করেন, জামায়াতে ইসলামীর এবারের প্রার্থী তালিকায় ৬২ শতাংশের বয়স ৪৫ বছরের নিচে।
নারী ও পুরুষের সমান অংশগ্রহণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। বিশেষ করে জুলাই আন্দোলনে নারীদের সাহসী ভূমিকার প্রশংসা করেন জামায়াত আমির।
সরকারের ভালো কাজে সমর্থন, ভুল হলে প্রতিবাদ
সরকারের সঙ্গে বিরোধী দলের সম্পর্ক কেমন হওয়া উচিত, সে বিষয়েও নিজের অবস্থান ব্যাখ্যা করেন ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, জাতীয় স্বার্থে সরকারের ইতিবাচক উদ্যোগকে সমর্থন করবে বিরোধী দল। তবে সরকারের কোনো সিদ্ধান্ত বা কাজে ভুল হলে তার প্রতিবাদ জানানো হবে।
জনগণের অধিকার রক্ষা এবং রাষ্ট্রীয় স্বার্থে কথা বলাই বিরোধী দলের অন্যতম দায়িত্ব বলে মন্তব্য করেন তিনি।
সরকারকে জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানিয়ে যোগ্য ও সৎ ব্যক্তিদের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার ওপর গুরুত্ব দেন জামায়াত আমির। পাশাপাশি দুর্নীতি, সন্ত্রাস, নৈরাজ্য ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
কোনো রাজনৈতিক দল বা ব্যক্তিকে শত্রু হিসেবে দেখেন না উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, দেশের বিরুদ্ধে সংঘটিত অন্যায় ও অপকর্মই তাঁদের বিরোধিতার বিষয়। একটি ঐক্যবদ্ধ, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যাঁরা
অনুষ্ঠানে অস্ট্রেলিয়াপ্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে বক্তব্য দেন পশ্চিম সিডনির ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের কাউন্সিলর মাসুদ খলিল।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন একাডেমিক, গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক এবং সাউথ এশিয়ান পলিসি ইনিশিয়েটিভ ও গ্লোবাল ভয়েস ফর হিউম্যানিটির নির্বাহী পরিচালক শিবলী সোহাইল। তাঁর সঙ্গে সঞ্চালনায় অংশ নেন ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবু ইউসুফ এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসিফ ইকবাল।
এ সময় উপস্থিত ছিলেন ডা. মোসলেহ উদ্দিন ফরিদ এমপি, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি, ন্যাশনাল ডক্টরস ফোরামের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ডা. এস এম খালিদুজ্জামান এবং বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব মুহাম্মদ নজরুল ইসলাম।
অনুষ্ঠানে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন। তাঁরা নিজেদের বিভিন্ন প্রত্যাশা তুলে ধরেন এবং ফুল দিয়ে ডা. শফিকুর রহমানকে স্বাগত জানান।














মন্তব্যসমূহ