পাবনার বেড়ায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর বেড়া মডেল থানার ওসি নয়ন কুমার সরকারকে প্রত্যাহার করা হয়েছে। তাঁর স্থলে পাবনা সদর সার্কেলের পরিদর্শক (ইন্সপেক্টর) গোলাম মোস্তফাকে নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
গতকাল শনিবার (২১ নভেম্বর ২০২৬) রাতে জেলা পুলিশের পক্ষ থেকে এ আদেশ দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ।
এদিকে ওসি প্রত্যাহারের পরও বেড়া পৌর এলাকায় উত্তেজনা কাটেনি। সংঘর্ষ থামলেও নতুন করে হামলা ও সংঘাতের আশঙ্কায় আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা বেড়া মডেল থানার সামনে বিক্ষোভ মিছিল করেন। এ সময় বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে বৃশালিখা এলাকায় সাবেক ডেপুটি স্পিকার ও পাবনা-১ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল হক টুকুর পরিত্যক্ত বাড়ির খড়ের পালায় আগুন দেওয়া হয়। এরপর থেকে পায়না, হাতিগাড়া, বৃশালিখা, স্যানালপাড়া ও সওদাগরপাড়াসহ কয়েকটি মহল্লায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং গত দুই দিনে দুই পক্ষের সমর্থকদের অন্তত পাঁচ থেকে সাতটি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ ওঠে।
পুলিশ সুপার আবু আশ্রাফ বলেন, ওসি নয়ন কুমার সরকারকে প্রত্যাহার করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে এবং নতুন করে যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে জন্য পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।














মন্তব্যসমূহ