মহাকাশে নতুন একগুচ্ছ স্যাটেলাইট পাঠিয়েছে চীন। উত্তরাঞ্চলীয় শানসি প্রদেশের তাইয়ুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে শনিবার এগুলো উৎক্ষেপণ করা হয়।
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, বেইজিং সময় শনিবার বিকেল সাড়ে ৫টায় পরিবর্তিত লং মার্চ-৬ ক্যারিয়ার রকেটের মাধ্যমে স্যাটেলাইটগুলো উৎক্ষেপণ করা হয়। উৎক্ষেপণের পর এগুলো সফলভাবে নির্ধারিত কক্ষপথে প্রবেশ করে।
নতুন স্যাটেলাইটগুলো চীনের বৃহৎ বাণিজ্যিক নিম্ন-কক্ষপথ স্যাটেলাইট নেটওয়ার্ক স্পেসসেইল কনস্টেলেশনের অংশ হবে। চায়না ডেইলির প্রতিবেদনে বলা হয়েছে, এটি স্পেসসেইল কনস্টেলেশনের মহাকাশভিত্তিক সম্পদের ত্রয়োদশ ব্যাচ।
স্পেসসেইল কনস্টেলেশন চীনের বাণিজ্যিক স্যাটেলাইট ইন্টারনেট নেটওয়ার্ক গড়ে তোলার একটি বড় প্রকল্প। নিম্ন-কক্ষপথে বিপুলসংখ্যক স্যাটেলাইট স্থাপনের মাধ্যমে যোগাযোগসেবা সম্প্রসারণই এর লক্ষ্য।
সিনহুয়া জানিয়েছে, এই উৎক্ষেপণ চীনের লং মার্চ ক্যারিয়ার রকেট সিরিজের ৬৫৫তম মিশন। সাম্প্রতিক বছরগুলোতে বেইজিং বাণিজ্যিক মহাকাশ খাত, স্যাটেলাইট যোগাযোগ এবং নিম্ন-কক্ষপথ নেটওয়ার্ক উন্নয়নে বিনিয়োগ বাড়িয়েছে।
সূত্র: সিনহুয়া
মন্তব্যসমূহ