নারায়ণগঞ্জ শহরের পশ্চিম মাসদাইর এলাকায় একটি আবাসিক ভবনের ফ্ল্যাটে গ্যাস জমে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় স্বামী-স্ত্রীসহ তিনজন দগ্ধ হয়েছেন। শনিবার (২১ নভেম্বর) ভোর সাড়ে পাঁচটার দিকে চারতলা ভবনটির নিচতলার একটি ফ্ল্যাটে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধ ব্যক্তিরা হলেন শাহিন, তাঁর স্ত্রী লিমা পারভীন এবং তাঁদের এক আত্মীয়। আহত তিনজনকে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ঘটনার সময় ফ্ল্যাটটির দরজা ও জানালা বন্ধ ছিল। হঠাৎ বিকট শব্দে ঘরটিতে আগুন ছড়িয়ে পড়ে। তাঁদের ধারণা, গ্যাসের পাইপলাইনে ছিদ্র অথবা চুলার চাবি খোলা থাকার কারণে ঘরের ভেতরে গ্যাস জমে থাকতে পারে। ভোরে চুলা জ্বালানোর পর সেই গ্যাসে বিস্ফোরণ ঘটে।
বিস্ফোরণ ও আগুনে ফ্ল্যাটের দরজা-জানালার পাশাপাশি ঘরের আসবাবপত্রও পুড়ে যায়। পরে আশপাশের বাসিন্দারা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন জানান, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি দল কাজ করছে। বিস্ফোরণের প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।














মন্তব্যসমূহ