নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ সাড়ে ১০ ঘণ্টার যানজটের অবসান হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে যান চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়। একটি মালবাহী ট্রাক দুর্ঘটনার কবলে পড়ায় মহাসড়কের প্রায় সাত কিলোমিটার এলাকায় যানজট ছড়িয়ে পড়ে। এতে দীর্ঘ সময় দুর্ভোগ পোহাতে হয় যাত্রী ও যানবাহনের চালকদের।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, বুধবার মধ্যরাতে মহাসড়কের সোনারগাঁ অংশে একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের ওপর উঠে যায়। দুর্ঘটনার পর ট্রাকে থাকা মালামাল মহাসড়কে ছড়িয়ে পড়ে। এতে চট্টগ্রামমুখী লেনে যান চলাচল বাধাগ্রস্ত হয়।
ভোর ৪টার দিকে যানজট প্রকট আকার ধারণ করে। ধীরে ধীরে এর বিস্তৃতি প্রায় সাত কিলোমিটারে পৌঁছায়। দীর্ঘ সময় যানবাহন আটকে থাকায় চরম ভোগান্তির মুখে পড়েন যাত্রী ও চালকেরা।
দুর্ঘটনার খবর পেয়ে কাচপুর হাইওয়ে থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। যান চলাচলের প্রতিবন্ধকতা দূর করতে দুর্ঘটনাকবলিত ট্রাক এবং সড়কে ছড়িয়ে থাকা মালামাল সরানোর কাজ শুরু করেন পুলিশ সদস্যরা।
দীর্ঘ প্রচেষ্টার পর দুপুর ১টার দিকে ট্রাকটি ও ছড়িয়ে পড়া মালামাল মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া সম্ভব হয়। এরপর যানবাহন চলাচল শুরু হলেও দীর্ঘ যানজটের কারণে পরিস্থিতি স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লাগে। শেষ পর্যন্ত দুপুর আড়াইটার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
কাচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল রানা জানান, মধ্যরাতে ঘুমের ঘোরে ট্রাকচালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় ট্রাকটি মহাসড়কের ডিভাইডারের ওপর উঠে গেলে মালামাল রাস্তায় ছড়িয়ে পড়ে এবং যান চলাচলে বিঘ্ন ঘটে।
তিনি আরও জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সড়ক থেকে ট্রাক ও মালামাল সরানোর ব্যবস্থা নেয়। দুপুর ১টার মধ্যে সেগুলো সরানো হলেও যানজট পুরোপুরি কাটতে আড়াইটা পর্যন্ত সময় লেগেছে।














মন্তব্যসমূহ