বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর তাঁর ক্যারিয়ারের শুরুর দিকের এক তিক্ত অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এনে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন। তিনি জানিয়েছেন, ২০১১ সালে একটি ছবির শুটিং চলাকালে তিনি এক পরিচালকের হাতে হেনস্তার শিকার হয়েছিলেন। তবে অবাক করার বিষয় হলো, ঘটনাটি ঘটে যাওয়ার পরও সে সময় তিনি বুঝতে পারেননি যে তিনি আসলে কর্মক্ষেত্রে যৌন হেনস্তার শিকার হয়েছেন।
সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে স্বরা ভাস্কর জানান, ২০১১ সালে ভারতের মধ্যপ্রদেশের পাচমাড়িতে ‘তনু ওয়েডস মনু’ ছবির আউটডোর শুটিং চলছিল। সেই শুটিং চলাকালেই এই অপ্রীতিকর ঘটনাটি ঘটে।
সে সময় কেন তিনি বিষয়টি বুঝতে পারেননি, তার ব্যাখ্যায় অভিনেত্রী জানান, অভিযুক্ত ওই পরিচালক তাঁর গায়ে হাত দেননি বা শারীরিকভাবে কোনো নির্যাতন করেননি। আর সেই কারণেই তখন তাঁর মনে হয়েছিল এটি হয়তো বড় কোনো বিষয় নয়। কিন্তু বহু বছর পর যখন বিশ্বজুড়ে ‘মিটু’ (MeToo) আন্দোলন শুরু হয় এবং অন্যান্য নারীরা তাঁদের তিক্ত অভিজ্ঞতা প্রকাশ্যে আনতে শুরু করেন, তখন নিজের অতীতের সেই ঘটনাটি নতুন করে উপলব্ধি করতে পারেন স্বরা। তখনই তিনি বুঝতে পারেন, সেদিন আসলে তাঁর সঙ্গে কী ঘটেছিল।
কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তার বিষয়ে স্পষ্ট বার্তা দিয়ে স্বরা বলেন, হেনস্তার অর্থ শুধু শারীরিক নির্যাতন বা জোরজবরদস্তি নয়; বরং মৌখিক আচরণ কিংবা নানা রকম অস্বস্তিকর পরিস্থিতির মধ্য দিয়েও নারীদের হেনস্তার মুখে পড়তে হয়।
সেই অভিজ্ঞতা স্মরণ করে স্বরা ভাস্কর বলেন, ‘ঘটনাটি যখন ঘটছিল তখন আমি এটাকে কর্মক্ষেত্রে যৌন হেনস্তা বলে বুঝতেই পারিনি। কারণ ওই ব্যক্তি তো আমাকে একফোঁটাও স্পর্শ করেননি।’
অভিনেত্রী আরও জানান, সে সময় বলিউডে নিজের জায়গা পাকা করার জন্য কঠিন লড়াই করছিলেন তিনি। বয়স কম ছিল এবং ইন্ডাস্ট্রিতে তেমন চেনা-পরিচিত কেউ না থাকায় নিজেকে ভীষণ একা মনে হয়েছিল তাঁর। তবে স্বস্তির বিষয় হলো, সেই কঠিন সময়ে ছবির নির্বাহী প্রযোজক তাঁর পাশে দাঁড়িয়েছিলেন এবং তাঁর সহযোগিতাতেই শুটিংয়ের বাকি দিনগুলো নিরাপদে পার করেছিলেন স্বরা।














মন্তব্যসমূহ