জামালপুর শহরের একটি রেলওয়ে ওভারপাসে লাল টেপ দিয়ে মোড়ানো তারযুক্ত সন্দেহজনক বস্তু পাওয়া গেছে। বস্তুটি বোমাসদৃশ হওয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার কারণে ওভারপাসে যান চলাচল বন্ধ করে ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ।
শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় শহরের গেইটপাড়া এলাকায় রেলওয়ে ওভারপাসে বস্তুটি দেখতে পান স্থানীয় বাসিন্দারা।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওভারপাসের ওপর পড়ে থাকা বস্তুটি লাল টেপ দিয়ে প্যাঁচানো ছিল। এর দুই পাশে তারের মতো অংশ দেখা যাচ্ছিল। বিষয়টি স্থানীয়দের নজরে এলে বোমা থাকার আশঙ্কায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। পরে নিরাপত্তার স্বার্থে ওভারপাসের আশপাশের এলাকা ঘিরে ফেলে পুলিশ। একই সঙ্গে ওই পথ দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে শহরজুড়েও চাঞ্চল্য তৈরি হয়। তবে উদ্ধার হওয়া বস্তুটি প্রকৃতপক্ষে বিস্ফোরক কি না, তা এখনো নিশ্চিত করতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানিয়েছেন, সন্দেহজনক বস্তুটি পরীক্ষা করে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া হবে। এ জন্য টাঙ্গাইলের ঘাটাইল ক্যান্টনমেন্টের বোমা নিষ্ক্রিয়কারী ইউনিটকে খবর দেওয়া হয়েছে।
ওসি জানান, বিশেষজ্ঞ দলটি ইতোমধ্যে জামালপুরের উদ্দেশে রওনা দিয়েছে। তারা ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি পরীক্ষা করবে এবং প্রয়োজন হলে নিরাপদে নিষ্ক্রিয় করার ব্যবস্থা নেবে।














মন্তব্যসমূহ