সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে পতিতাবৃত্তিতে জড়িত থাকার অভিযোগে ছয় প্রবাসী নারীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। মানবপাচার প্রতিরোধ ও সামাজিক নিরাপত্তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতায় বিশেষ অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
সৌদি সংবাদমাধ্যম সৌদি গেজেটের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে সামাজিক নিরাপত্তা ও মানবপাচার প্রতিরোধ অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করে অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় পতিতাবৃত্তিতে জড়িত থাকার অভিযোগে ছয় বিদেশি নারীকে গ্রেপ্তার করা হয়।
দেশটির জননিরাপত্তা বিভাগ জানিয়েছে, গ্রেপ্তারের পর তাঁদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে নেওয়া হয়। পরবর্তী সময়ে প্রাথমিক আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বিচারিক ব্যবস্থা গ্রহণের জন্য তাঁদের পাবলিক প্রসিকিউশনে পাঠানো হয়েছে।
তবে গ্রেপ্তার নারীরা কোন দেশের নাগরিক, সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি সৌদি কর্তৃপক্ষ। তাঁদের নাম, বয়স কিংবা পরিচয়ের বিস্তারিতও জানানো হয়নি।
একইভাবে অভিযানের সুনির্দিষ্ট স্থান এবং তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগের বিস্তারিত তথ্যও প্রকাশ করা হয়নি।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সামাজিক মূল্যবোধবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় পূর্বাঞ্চলীয় প্রদেশে এই অভিযান চালানো হয়।
গ্রেপ্তার ছয় নারীর বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। তবে অভিযোগ প্রমাণিত হলে কী ধরনের শাস্তি হতে পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কিছু জানায়নি।
এদিকে নারীদের বিরুদ্ধে আনা অভিযোগ এখনো বিচারিক প্রক্রিয়াধীন। ফলে তাঁদের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হয়েছে, এমন কোনো তথ্য পাওয়া যায়নি।
সূত্র : সৌদি গেজেট














মন্তব্যসমূহ