দেশের সাব-রেজিস্ট্রি অফিসগুলোতে দুর্নীতি ও জনহয়রানির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, নিবন্ধন অধিদপ্তরকে জনগণের কাছে আস্থাশীল ও বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে কোনো কর্মকর্তার বিরুদ্ধে হয়রানি কিংবা দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।
শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা-২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আইনমন্ত্রী জানান, নিবন্ধন অধিদপ্তর জাতীয় রাজস্ব আহরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এটিকে দেশের দ্বিতীয় বৃহত্তম একক রাজস্ব খাত হিসেবে উল্লেখ করা হয়। অথচ রাজস্ব আয়ে বড় অবদান রাখার পরও প্রতিষ্ঠানটি প্রয়োজনীয় গুরুত্ব ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
এ অবস্থার পরিবর্তনে নিবন্ধন অধিদপ্তরের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন মন্ত্রী। তিনি বলেন, অধিদপ্তরটির সক্ষমতা বাড়াতে তাঁর পক্ষ থেকে সহযোগিতার কোনো ঘাটতি থাকবে না।
জনগণের কাছে সাব-রেজিস্ট্রি অফিসগুলোর ভাবমূর্তি উন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে মো. আসাদুজ্জামান বলেন, কিছু কার্যালয়ে সেবা নিতে গিয়ে মানুষ হয়রানির শিকার হন। এসব ঘটনা পুরো নিবন্ধন অধিদপ্তরের প্রতি মানুষের আস্থা ক্ষতিগ্রস্ত করে।
তাঁর মতে, নাগরিকদের হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করা প্রতিটি কর্মকর্তার দায়িত্ব। দায়িত্ব পালনে ব্যর্থতা, অযোগ্যতা কিংবা দুর্নীতির কারণে কোনো ব্যক্তি ভোগান্তির শিকার হলে সংশ্লিষ্ট কর্মকর্তাকে তার দায় নিতে হবে।
নিবন্ধন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সততা, পেশাদারত্ব ও জনসেবার মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানান আইনমন্ত্রী।
তিনি বলেন, যাঁরা দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবেন, তাঁদের কাজের স্বীকৃতি ও প্রণোদনা দেওয়ার ব্যবস্থা করা হবে। অন্যদিকে জনহয়রানির অভিযোগ বা তথ্য পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
নিবন্ধন অধিদপ্তরের বদলি কার্যক্রমে স্বচ্ছতা আনতে লটারির মাধ্যমে বদলির ব্যবস্থা আরও সম্প্রসারণের পরিকল্পনার কথাও জানান মন্ত্রী।
তিনি বলেন, পর্যায়ক্রমে এ পদ্ধতির আওতা বাড়ানো হবে। এর মাধ্যমে নিবন্ধন অধিদপ্তরের কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত হওয়ার পাশাপাশি জনগণের আস্থা ফিরিয়ে আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রাখার বিষয়েও কঠোর বার্তা দেন মো. আসাদুজ্জামান।
আইনমন্ত্রী বলেন, ব্যক্তিগতভাবে কোনো কর্মকর্তা যে রাজনৈতিক মতাদর্শেই বিশ্বাস করুন না কেন, সরকারি দায়িত্ব পালনের ক্ষেত্রে তাঁকে প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে কাজ করতে হবে।
এ জন্য প্রজাতন্ত্রের প্রতি আনুগত্য এবং আইনের প্রতি অবিচল বিশ্বাস রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
সরকারি পদ ব্যবহার করে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা কিংবা চাঁদাবাজিতে জড়ানোর বিষয়ে সতর্ক করে মন্ত্রী বলেন, কোনো কর্মকর্তা নিজ এলাকায় সরকারি পদের প্রভাব খাটিয়ে রাজনৈতিক দলের কার্যক্রম চালালে বা চাঁদাবাজিতে যুক্ত হলে সরকার তা মেনে নেবে না।
নিবন্ধন অধিদপ্তরের কার্যক্রম আরও কার্যকর করতে প্রয়োজনীয় আইন ও বিধি সংশোধনের বিষয়েও কথা বলেন আইনমন্ত্রী।
তিনি জানান, কোনো আইন কিংবা বিধিতে পরিবর্তনের প্রয়োজন হলে সংশ্লিষ্ট কর্মকর্তারা নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শকের মাধ্যমে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠাতে পারবেন।
এসব প্রস্তাব যাচাই-বাছাই করে জনকল্যাণমূলক মনে হলে প্রয়োজনীয় সংশোধনের উদ্যোগ নেওয়া হবে।
নিবন্ধন অধিদপ্তরের উন্নয়ন এবং সেবার মান বৃদ্ধিতে মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্মকর্তারা সমন্বিতভাবে কাজ করবেন বলেও জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরী, আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব মো. খাদেমুল কায়েস ও এস এম এরশাদুল আলম এবং নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক শামীমা আফরোজ।
বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ রমজান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের মহাসচিব মাইকেল মহিউদ্দীন আব্দুল্লাহসহ বিভিন্ন পর্যায়ের নেতা এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা নিবন্ধন অধিদপ্তরের কর্মকর্তারা অংশ নেন।














মন্তব্যসমূহ