দেশের শিক্ষাব্যবস্থার উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে সরকার ব্যাপক কার্যক্রম পরিচালনা করছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। তিনি বলেছেন, বাংলাদেশের শিক্ষার্থীরা বিশ্বের বিভিন্ন স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা শেষ করে গুরুত্বপূর্ণ কর্মক্ষেত্রে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে রাজশাহীর শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
শিক্ষাপ্রতিষ্ঠানটির অবকাঠামোগত উন্নয়নের পরিকল্পনা তুলে ধরে ভূমিমন্ত্রী জানান, শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে একটি বড় ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের জন্য আরও উন্নত শিক্ষার পরিবেশ তৈরি করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
একই সঙ্গে শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে ইয়েলো বাসের ব্যবস্থা করার চেষ্টা করা হবে বলেও জানান মন্ত্রী।
প্রতিষ্ঠানটির বিভিন্ন সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, এই শিক্ষাপ্রতিষ্ঠানের সমস্যা শুধু কর্তৃপক্ষের নয়, সংশ্লিষ্ট সবার। শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
ভূমিমন্ত্রী বলেন, শিক্ষাব্যবস্থাকে এগিয়ে নিতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। শিক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পড়াশোনা করতে পারে, সে জন্য প্রয়োজনীয় পরিবেশ ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, পড়াশোনাই হতে হবে তাঁদের প্রধান লক্ষ্য। জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেদের যোগ্য করে গড়ে তোলার পাশাপাশি দেশ, জাতি ও সমাজের কল্যাণে ভূমিকা রাখতে হবে।
বাংলাদেশের শিক্ষার্থীদের আন্তর্জাতিক অঙ্গনে সাফল্যের কথাও তুলে ধরেন মিজানুর রহমান মিনু। তিনি বলেন, দেশের অনেক শিক্ষার্থী বিদেশের ভালো শিক্ষাপ্রতিষ্ঠানে উচ্চশিক্ষা গ্রহণ করে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দক্ষতার সঙ্গে কাজ করছেন।
অনুষ্ঠানের শুরুতে ভূমিমন্ত্রী শহীদ ডিআইজি মামুন মাহমুদসহ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ ফয়েজুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন এবং রাজশাহী জেলা পরিষদের প্রশাসক মো. এরশাদ আলী ঈশা।
এ ছাড়া রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, শিক্ষাপ্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ইয়াকুব আলী, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং শিক্ষক-শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।














মন্তব্যসমূহ