পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালির আকাশসীমায় যুক্তরাষ্ট্রের একটি ‘এমকিউ-১ প্রিডেটর’ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের নৌবাহিনী। শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) ইরানের রাষ্ট্রীয় ও আধা-সরকারি সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনের বরাতে কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ‘ইরনা’ (আইআরএনএ) জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলীয় কোহস্তাক অঞ্চলের সিরিক উপকূলে ড্রোনটি ভূপাতিত করা হয়েছে।
এ ঘটনায় ইরানের নৌবাহিনীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়েছে, দেশের আঞ্চলিক অখণ্ডতা, সামুদ্রিক সীমান্ত এবং জাতীয় স্বার্থ সুরক্ষায় ইরানি বাহিনী ‘এক মুহূর্তের জন্যও দ্বিধা করবে না’।
এদিকে সংবাদ সংস্থা ইরনা ভূপাতিত হওয়া ড্রোনটির ধ্বংসাবশেষের কিছু ছবি প্রকাশ করেছে, যেখানে সামরিক সরঞ্জামের ক্ষতিগ্রস্ত কিছু অংশ দেখা যাচ্ছে বলে মনে হচ্ছে। তবে প্রকাশিত এই ছবিগুলো এখনো স্বাধীন কোনো সূত্র থেকে যাচাই করা সম্ভব হয়নি।
অন্যদিকে, হরমুজ প্রণালির আকাশসীমায় যুক্তরাষ্ট্রের এমকিউ-১ প্রিডেটর ড্রোন ভূপাতিত করার ইরানি দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে ওয়াশিংটন বা মার্কিন প্রতিরক্ষা দপ্তরের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সূত্র: আল জাজিরা














মন্তব্যসমূহ