তুরস্কের পূর্বাঞ্চলীয় মালাতিয়া প্রদেশে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চার সেনাসদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) সন্ধ্যায় প্রদেশটির রাজধানী শহরের দক্ষিণ উপকণ্ঠে ইয়েশিলিউর্ত জেলার সামানকয় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পাকিস্তানি সংবাদমাধ্যম সামা টিভি ও তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় হেলিকপ্টারে থাকা চার সেনাসদস্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সন্ধ্যা আনুমানিক ৬টা ৪৫ মিনিটের দিকে এস-৭০ (সিকোরস্কি ব্ল্যাক হক) মডেলের সামরিক হেলিকপ্টারটি সামানকয় এলাকায় বিধ্বস্ত হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, হেলিকপ্টারটিতে থাকা চার সেনাসদস্যের সবাই প্রাণ হারিয়েছেন।
এ ঘটনায় নিহত সেনাসদস্যদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং ভাইস প্রেসিডেন্ট জেভদেত ইয়িলমাজ। একই সঙ্গে তুর্কি সশস্ত্র বাহিনী ও দেশবাসীর প্রতিও সমবেদনা প্রকাশ করা হয়েছে। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ, দমকল বাহিনী, দুর্যোগ ব্যবস্থাপনা দল এবং জরুরি চিকিৎসক দল পৌঁছে উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।














মন্তব্যসমূহ