ধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়ের পর নানা মন্তব্যে নতুন করে আলোচনার জন্ম দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় হওয়া বিপুল অর্থ দেশটির কাছ থেকে সামরিক সুরক্ষা পাওয়া মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোর কাছ থেকে আদায়ের পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। মার্কিন সম্প্রচারমাধ্যম সিবিএস নিউজের ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে সংবাদদাতা রস ডাউথ্যাটকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ দাবি করেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরান যুদ্ধের পেছনে যুক্তরাষ্ট্রের যে অর্থ ব্যয় হয়েছে, তার সবই সংশ্লিষ্ট মিত্র দেশগুলোকে পরিশোধ করতে হবে। তাঁর ভাষায়, “আমরা সব অর্থ ফেরত নেব। তারা অবশ্যই তা দেবে, শতভাগ। কারণ আমরা না থাকলে তাদের অস্তিত্বই থাকত না।” এর আগে মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবির অন্যতম কারণ হিসেবে ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনমনে তৈরি হওয়া অসন্তোষের কথা স্বীকার করেছিলেন তিনি।
কোন কোন দেশের কাছে ক্ষতিপূরণ চান ট্রাম্প?
যুদ্ধের ব্যয়ভার বহনের প্রসঙ্গে এবারই প্রথম সরাসরি ইসরায়েলের নাম উল্লেখ করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র সামরিক হস্তক্ষেপ করে ইরানের পারমাণবিক অস্ত্রভান্ডার ধ্বংস করেছে; ওয়াশিংটন এই পদক্ষেপ না নিলে ইসরায়েল পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যেত। এর আগে গত জুলাইয়ে এক সংবাদ সম্মেলনে হরমুজ প্রণালি ঘিরে মার্কিন নৌ ও সামরিক উপস্থিতির সুবিধা পাওয়া উপসাগরীয় ধনী দেশগুলোর—বিশেষত সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন ও কুয়েতের—কাছ থেকেও সুরক্ষা ও যুদ্ধের খরচ আদায়ের কথা বলেছিলেন তিনি।
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় কত?মার্কিন সামরিক বাহিনীর হিসাব অনুযায়ী, অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের সরাসরি ব্যয় ৪৭ দশমিক ১ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। তবে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোর ক্ষয়ক্ষতি মেরামতের খরচ এই হিসাবের বাইরে থাকায় প্রকৃত ব্যয় আরও অনেক বেশি হতে পারে। এছাড়া গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের কংগ্রেসনাল বাজেট অফিস (সিবিও) পূর্বাভাস দিয়েছিল, যুদ্ধ যত দিন চলবে, প্রতি মাসে অতিরিক্ত ২ থেকে ৩ বিলিয়ন ডলার ব্যয় হবে।
মিত্রদের কাছ থেকে কি সত্যিই ক্ষতিপূরণ আদায় করবেন ট্রাম্প?আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে, মিত্র দেশগুলোর কাছ থেকে সরাসরি যুদ্ধের ক্ষতিপূরণ আদায় করার সম্ভাবনা খুবই কম। চ্যাথাম হাউসের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা কর্মসূচির সহযোগী ফেলো নিল কুইলিয়াম আল জাজিরাকে বলেন, ট্রাম্পের এই বক্তব্যকে বাস্তব নীতিগত প্রস্তাব হিসেবে না দেখে ঘরোয়া রাজনীতির অংশ ও রাজনৈতিক বার্তা হিসেবে বিবেচনা করা উচিত। কুয়েত বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক বাদের আল-সাইফের মতে, উপসাগরীয় দেশগুলো ট্রাম্পের এমন বক্তব্যকে খুব একটা গুরুত্ব দেবে না।
অন্যদিকে পররাষ্ট্রনীতি বিশ্লেষক স্টেফান লুকাস মনে করেন, নির্বাচনে পরাজয়ের পর দায় অন্যের ওপর চাপানোর চেষ্টা করছেন ট্রাম্প। তাঁর মতে, আরব মিত্রদের কাছ থেকে নগদ ক্ষতিপূরণ আদায় সম্ভব না হলেও ইসরায়েলের ক্ষেত্রে পরিস্থিতি ভিন্ন হতে পারে। সরাসরি অর্থ দাবি না করলেও দেশটির প্রতি মার্কিন সামরিক ও আর্থিক সহায়তা কমিয়ে দিতে পারেন ট্রাম্প; ইতোমধ্যে তিনি চলতি বছরের পর ইসরায়েলকে আর কোনো সহায়তার অর্থ না পাঠানোর ইঙ্গিত দিয়েছেন। লুকাসের ধারণা, ট্রাম্প মনে করেন ইসরায়েলই তাঁকে ইরানের সঙ্গে এই যুদ্ধে জড়াতে বাধ্য করেছে।
কীভাবে আদায় হতে পারে যুদ্ধের ব্যয়?
বিশ্লেষকদের ধারণা, ক্ষতিপূরণ আদায়ের ক্ষেত্রে সরাসরি নগদ অর্থ দাবি না করে বিকল্প কৌশল নিতে পারেন মার্কিন প্রেসিডেন্ট। আমস্টারডাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ফরিদ বুসাইদ ও বাদের আল-সাইফের মতে, উপসাগরীয় দেশগুলোর সঙ্গে বিদ্যমান বাণিজ্য চুক্তি এবং যুক্তরাষ্ট্রে তাদের নতুন বিনিয়োগ বাড়ানোর জন্য চাপ দিতে পারে ওয়াশিংটন। পরবর্তীতে সেই বাণিজ্যিক সুবিধা ও বিদেশি বিনিয়োগকেই যুদ্ধের ক্ষতিপূরণ আদায় হিসেবে রাজনৈতিকভাবে উপস্থাপন করতে পারেন ট্রাম্প।
মিত্রদের প্রতিক্রিয়া কী হতে পারে?উপসাগরীয় দেশগুলোর দাবি, ইরানে হামলার পরিকল্পনা সম্পর্কে ওয়াশিংটন তাদের আগে থেকে কিছুই জানায়নি; অথচ ইরানের পাল্টা হামলা ও নৌপথ অস্থিতিশীল হওয়ায় এসব দেশ ইতোমধ্যে বড় ধরনের অর্থনৈতিক ও অবকাঠামোগত ক্ষতির মুখে পড়েছে। চ্যাথাম হাউসের নিল কুইলিয়ামের মতে, প্রতিরক্ষা সহযোগিতা, ঘাঁটি রক্ষণাবেক্ষণ এবং বিপুল বিনিয়োগের মাধ্যমে উপসাগরীয় দেশগুলো ইতোমধ্যেই আঞ্চলিক নিরাপত্তায় অবদান রাখছে। এমন পরিস্থিতিতে সরাসরি ক্ষতিপূরণ চাওয়া হলে উপসাগরীয় নেতারা নীরবে এর বিরোধিতা করবেন এবং ওয়াশিংটনের সঙ্গে দীর্ঘদিনের আস্থার সম্পর্কে ফাটল ধরতে পারে।
সূত্র: আল জাজিরা
মন্তব্যসমূহ