কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে চারটি তেলবাহী জাহাজে আগুন লাগার দাবি করেছে ইরানের সশস্ত্র বাহিনী। বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) দেশটির সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ইরানের অনুমতি ছাড়া এবং সামুদ্রিক নিয়ম লঙ্ঘন করে প্রণালিটি দিয়ে চলাচলের অভিযোগে জাহাজগুলো ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে জানায়, বুধবার (১১ নভেম্বর) রাতে দুটি তেলবাহী জাহাজ নিষিদ্ধ ঘোষিত একটি সামুদ্রিক পথে চলাচল করছিল। এ সময় আইআরজিসির নৌবাহিনী বারবার সতর্কবার্তা দেওয়ার পরও জাহাজ দুটি ওই পথ ব্যবহার করতে থাকে। বিবৃতিতে বলা হয়, একপর্যায়ে জাহাজ দুটিতে শক্তিশালী বিস্ফোরণ ঘটে এবং এতে সেগুলো চলাচলের সম্পূর্ণ অযোগ্য হয়ে পড়ে। তবে ঠিক কী কারণে বিস্ফোরণ ঘটেছে, সে বিষয়ে স্পষ্ট কিছু জানায়নি আইআরজিসি।
আইআরজিসির দাবি অনুযায়ী, ক্ষতিগ্রস্ত জাহাজ দুটি বিশালাকার ‘সুপারট্যাংকার’ এবং সেগুলোতে মোট ৪০ লাখ ব্যারেলের বেশি অপরিশোধিত তেল ছিল। বিস্ফোরণের পর জাহাজ দুটিতে আগুন ধরে যায় এবং সেগুলো জ্বলছে। বিবৃতিতে যুক্তরাষ্ট্রের প্রতি ইঙ্গিত করে আরও বলা হয়, মার্কিন সামরিক বাহিনীর ওপর অন্ধ আস্থা রাখার পরিণতিতেই জাহাজ দুটিকে এমন পরিস্থিতির মুখে পড়তে হয়েছে।
এদিকে বৃহস্পতিবার (১২ নভেম্বর) ইরানের নিয়মিত সেনাবাহিনী আরও দুটি তেলবাহী জাহাজে আগুন লাগার খবর প্রকাশ করে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে জানানো হয়, হরমুজ প্রণালির পূর্ব দিকে চলাচলকারী ওই দুটি জাহাজ ইরানের নির্ধারিত নিয়ম লঙ্ঘন করছিল। পরে সেগুলো পানিতে পাতা নৌমাইনে আঘাত হানলে জাহাজ দুটিতে আগুন ধরে যায়।
তবে আগুনে ক্ষতিগ্রস্ত এই চারটি তেলবাহী জাহাজের নাম কী কিংবা সেগুলো কোন দেশের মালিকানাধীন বা কোন দেশের পতাকাবাহী, তা প্রকাশ করেনি ইরানের সামরিক বাহিনী। এছাড়া এসব ঘটনায় জাহাজগুলোর নাবিকদের হতাহত হওয়া বা পরিবেশগত ক্ষয়ক্ষতির বিষয়েও তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।














মন্তব্যসমূহ