“বাধা দিয়ে মানুষের ভালোবাসা থামানো যায় না, ষড়যন্ত্র করে মানুষের কণ্ঠরোধ করা যায় না”—এমন মন্তব্য করে ঝিনাইদহের কালীগঞ্জে যাওয়ার ঘোষণা দিয়েছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও ইসলামি আলোচক মুফতি আমির হামজা। শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।
কালীগঞ্জের সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে যাওয়ার কথা উল্লেখ করে ফেসবুক পোস্টে আমির হামজা লেখেন, “প্রিয় ঝিনাইদহবাসী, আজ (শুক্রবার) আমি আসছি কালীগঞ্জের সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে। আপনাদের সঙ্গে সরাসরি কথা বলতে, আপনাদের ভালোবাসা ও প্রত্যাশার কথা শুনতে এবং সত্যের পক্ষে নিজেদের অবস্থান আরও দৃঢ় করতে।”
পোস্টে তিনি আরও লেখেন, “মনে রাখবেন, বাধা দিয়ে মানুষের ভালোবাসা থামানো যায় না, ষড়যন্ত্র করে মানুষের কণ্ঠরোধ করা যায় না। ভয়ভীতি কিংবা প্রতিবন্ধকতা দেখিয়ে আমাকে আমার অবস্থান থেকে একচুলও সরানো যাবে না, ইনশাআল্লাহ। জনগণের সঙ্গে আমার সম্পর্ক কোনো বাধা বা ষড়যন্ত্রের ওপর নির্ভরশীল নয়; এই সম্পর্ক ভালোবাসা, আস্থা ও আদর্শের।” ঝিনাইদহবাসীকে মাঠে আসার আহ্বান জানিয়ে তিনি উল্লেখ করেন, সত্যের পথ কখনো বাধামুক্ত না হলেও সত্যের প্রতি অবিচল থাকাই তাঁর অঙ্গীকার।
এদিকে বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিনভর নানা নাটকীয়তা ও উত্তেজনার পর বিতর্কিত ও রাজনৈতিক বক্তব্য না দেওয়ার শর্তে কালীগঞ্জে মুফতি আমির হামজার তাফসিরুল কুরআন মাহফিল আয়োজনে একমত হয়েছে বিএনপি ও জামায়াত। উপজেলা প্রশাসনের মধ্যস্থতায় বৃহস্পতিবার রাত ১১টার দিকে কালীগঞ্জ থানায় অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সমঝোতা সিদ্ধান্ত গৃহীত হয়।
উক্ত জরুরি সভায় কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ, কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলি, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আবু তালিব, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক তবিবুর রহমান মিনি এবং জামায়াতের সাবেক আমির ওলিয়ার রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভার সিদ্ধান্ত প্রসঙ্গে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আবু তালিব বলেন, কুরআনের মাহফিলে রাজনৈতিক বক্তব্য না দেওয়ার জন্য মুফতি আমির হামজাকে অনুরোধ জানানো হবে এবং বিএনপি ও প্রশাসন মাহফিলটি সুষ্ঠুভাবে আয়োজনে সার্বিক সহযোগিতা করবে।
উল্লেখ্য, এর আগে বৃহস্পতিবার বিকেলে ঝিনাইদহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কালীগঞ্জের সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে আমির হামজার মাহফিলের অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত জানানো হয়েছিল। ওই সিদ্ধান্তের পরপরই কালীগঞ্জের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক উত্তাপ ছড়িয়ে পড়ে, যার পরিপ্রেক্ষিতে রাতেই প্রশাসনের উদ্যোগে সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়।














মন্তব্যসমূহ