মৃত্যু প্রতিটি প্রাণীর জন্য অবধারিত এবং জীবনের এক চিরন্তন বাস্তবতা। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা স্পষ্টভাবে ঘোষণা করেছেন, “প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।” (সুরা আলে ইমরান, আয়াত: ১৮৫)। সুরা নিসার ৭৮ নম্বর আয়াতে আরও বলা হয়েছে, মানুষ পৃথিবীর যত সুরক্ষিত দুর্গেই অবস্থান করুক না কেন, নির্ধারিত সময়ে মৃত্যু তাকে স্পর্শ করবেই।
ইসলামি বিধান অনুযায়ী, কোনো মুসলমান মৃত্যুবরণ করলে তাঁকে যথাযথ মর্যাদায় দাফন করতে হয়। আমাদের সমাজে অনেকেই চান তাঁদের স্বজনদের কবর যেন মসজিদের পাশে বা আঙিনায় হয়। প্রচলিত ধারণা অনুযায়ী, মসজিদের আজান, নামাজ, কোরআন তেলাওয়াত ও জিকিরের বরকতে মৃত ব্যক্তি উপকৃত হন এবং আজান ও তেলাওয়াত শুনতে পান। তবে ইসলামি শরিয়তের দৃষ্টিতে মসজিদের পাশে বা আঙিনায় কবর দেওয়ার কোনো বিশেষ ফজিলতের কথা কোরআন ও হাদিসে উল্লেখ নেই। সেখানে দাফন করলে কবরের আজাব কমে যায় কিংবা বাড়তি সওয়াব পাওয়া যায়, এমন ধারণার কোনো শরয়ি ভিত্তি নেই।
ইসলামের শিক্ষা অনুযায়ী, একজন মানুষ জীবদ্দশায় সৎকাজ বা সদকায়ে জারিয়া করে গেলে পৃথিবীর যে প্রান্তেই তাঁকে দাফন করা হোক না কেন, তিনি এর সওয়াব পেতে থাকবেন। এ প্রসঙ্গে মহানবী হজরত মুহাম্মদ (সা.) বলেছেন, “যখন মানুষ মারা যায়, তখন তার আমল বন্ধ হয়ে যায়। তবে তিনটি আমলের সওয়াব অব্যাহত থাকে—সদকায়ে জারিয়া, এমন জ্ঞান যা থেকে মানুষ উপকৃত হয় এবং নেক সন্তান, যে তার জন্য দোয়া করে।” (সহিহ মুসলিম, হাদিস: ১৬৩১)।
এছাড়া কোনো ব্যক্তিকে কেন্দ্র করে কবরকে বিশেষ মর্যাদা দেওয়ার প্রবণতা থেকে শিরকের মতো গুরুতর অপরাধের আশঙ্কা তৈরি হতে পারে। এ বিষয়ে রাসুলুল্লাহ (সা.) কঠোরভাবে সতর্ক করে বলেছেন, “সাবধান! তোমাদের আগে যারা ছিল, তারা তাদের নবী ও নেককার ব্যক্তিদের কবরকে মসজিদে পরিণত করেছিল। তোমরা কবরকে মসজিদে পরিণত করো না। আমি তোমাদের এ থেকে কঠোরভাবে নিষেধ করছি।” (সহিহ মুসলিম, হাদিস: ৫৩২)।
বিষয়টি নিয়ে আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ বলেন, মসজিদের পাশে বা আঙিনায় কবর দিলে কবরের আজাব কমে কিংবা বেশি সওয়াব পাওয়া যায়—এমন কোনো বক্তব্য কোরআন-হাদিসে নেই। তবে মসজিদের আশপাশে সাধারণ কবরস্থান থাকা ভালো, যাতে মুসল্লিরা নিয়মিত কবর জিয়ারত করতে পারেন এবং কবরবাসীদের জন্য দোয়া করার সুযোগ পান। কিন্তু মসজিদের পাশে বা আঙিনায় আলাদাভাবে একটি-দুটি কবর তৈরি করা সুন্নাহসম্মত নয়; বরং সাধারণ কবরস্থানে দাফন করাই সুন্নত।
পারিবারিক কবরস্থান তৈরির প্রবণতা প্রসঙ্গেও শায়খ আহমাদুল্লাহ বলেন, অনেক সময় সামাজিক মর্যাদা বা অহংকার প্রদর্শনের উদ্দেশ্যে পারিবারিক কবরস্থান তৈরি করা হয়, যা বর্জনীয়। তবে অহংকারের উদ্দেশ্য না থাকলে পারিবারিক কবরস্থান করতে শরিয়তে কোনো বাধা নেই। তিনি উল্লেখ করেন, অসংখ্য সাহাবি ও বিশিষ্ট ইমামকেও সাধারণ কবরস্থানে দাফন করা হয়েছে এবং কবরস্থানে কেউ সালাম দিলে সেই সালামের সঙ্গে সব কবরবাসীই সম্পৃক্ত হন।














মন্তব্যসমূহ