কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির কাছে ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী সিরিকে মধ্যরাতে হামলার খবর পাওয়া গেছে। দেশটির হরমোজগান প্রদেশের এই উপকূলীয় শহরটিতে ‘শত্রুপক্ষের’ পক্ষ থেকে সামরিক হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ও ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার (আইআরএনএ) প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি সূত্রগুলো হরমোজগান প্রদেশের সিরিক শহরে হামলার বিষয়টি নিশ্চিত করেছে। ইরনার বরাতে তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, প্রতিবেদন প্রকাশের মাত্র কয়েক মিনিট আগে গভীর রাতে এই সামরিক হামলাটি সংঘটিত হয়। তবে হামলাকারী পক্ষ, ব্যবহৃত অস্ত্র কিংবা আঘাতপ্রাপ্ত লক্ষ্যবস্তু সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
উল্লেখ্য, ইরানের কর্মকর্তারা তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার চলমান যুদ্ধ ও সামরিক সংঘাতের প্রসঙ্গ উল্লেখ করতে প্রায়ই ‘শত্রুপক্ষ’ শব্দটি ব্যবহার করে থাকেন।
ইরানের দক্ষিণ উপকূলে হরমুজ প্রণালির পূর্ব দিকে সিরিকের অবস্থান। বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথটি পারস্য উপসাগরকে ওমান উপসাগরের সঙ্গে যুক্ত করেছে।
এদিকে সিরিক শহরে হামলার খবর আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে নতুন করে উল্লম্ফন দেখা দেয়। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক মানদণ্ড হিসেবে পরিচিত ব্রেন্ট ক্রুডের দাম ৩ শতাংশ বেড়েছে।
সূত্র: আল জাজিরা














মন্তব্যসমূহ