সৌদি আরব ও কাতারসহ উপসাগরীয় কয়েকটি মিত্র দেশের অনুরোধে ইরানের ওপর নতুন করে বড় ধরনের সামরিক হামলা চালানো থেকে আপাতত বিরত রয়েছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) হোয়াইট হাউসে মার্কিন সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক স্টিফেন এ স্মিথকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প এসব কথা বলেন।
সাক্ষাৎকারে ট্রাম্প জানান, সৌদি আরব, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন আপাতত ইরানের বিরুদ্ধে বর্তমান পদক্ষেপ ও অপেক্ষার কৌশল বজায় রাখার পক্ষে।
তবে উপসাগরীয় মিত্রদের এই অবস্থানের সঙ্গে তিনি পুরোপুরি একমত কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “আমি নিশ্চিত নই যে আমি তাদের সঙ্গে একমত।” মিত্র দেশগুলোর এমন অনুরোধ না থাকলে ইরানে আরও হামলা চালাতেন কি না—সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প সরাসরি বলেন, “হ্যাঁ, আমি হামলা চালাতাম।”
ইরানের জ্বালানি অবকাঠামো, সেতু এবং উৎপাদনব্যবস্থা এখনো বড় ধরনের হামলা থেকে অনেকটাই রক্ষা পেয়েছে দাবি করে ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র চাইলে মাত্র তিন দিনের মধ্যেই এসব ধ্বংস করে দিতে পারে।
সাক্ষাৎকারে ইরানের সঙ্গে সংঘাতের কারণে বিশ্ববাজারে ও যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ার বিষয়টিও স্বীকার করেন প্রেসিডেন্ট ট্রাম্প।
সূত্র: আল জাজিরা














মন্তব্যসমূহ