জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় নারীর নেতৃত্ব ও কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং পর্যাপ্ত অর্থায়নের ওপর গুরুত্বারোপ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, জলবায়ু কার্যক্রমে নারীর অংশগ্রহণ বাড়াতে জেন্ডার-সংবেদনশীল পরিকল্পনা গ্রহণের পাশাপাশি বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় প্রয়োজন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন কপ-৩১-এর বাংলাদেশ প্যাভিলিয়নে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ‘পলিসি টু প্র্যাকটিস—স্ট্রেনদেনিং জেন্ডার-রেসপনসিভ ক্লাইমেট গভর্ন্যান্স অ্যান্ড ফাইন্যান্স: বাংলাদেশ স্ট্র্যাটেজি ফর অ্যাডভান্সিং বেলেম জিএপি’ শীর্ষক এই অনুষ্ঠানের যৌথ আয়োজক ছিল বাংলাদেশের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং ইউএন উইমেন বাংলাদেশ।
অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানান, জলবায়ু পরিবর্তনসংক্রান্ত আন্তর্জাতিক কার্যক্রম আরও কার্যকরভাবে সমন্বয়ের লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি স্বতন্ত্র জলবায়ুবিষয়ক উইং প্রতিষ্ঠা করা হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং নাগরিক সমাজের সংগঠনগুলোর সঙ্গে নিবিড় সমন্বয় করে এই উইং কাজ করবে। এছাড়া তিনি জলবায়ু কার্যক্রমে জেন্ডারভিত্তিক পৃথক তথ্য-উপাত্ত সংগ্রহ, জ্ঞান ব্যবস্থাপনা জোরদার এবং জলবায়ু অর্থায়নে নারীর কার্যকর প্রবেশাধিকার নিশ্চিত করার ওপর জোর দেন।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রুবিনা ফেরদৌসী। তিনি বাংলাদেশে জেন্ডার-সংবেদনশীল জলবায়ু অভিযোজন কার্যক্রম জোরদারে সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগ ও অগ্রগতির চিত্র তুলে ধরেন। রুবিনা ফেরদৌসী জানান, বাংলাদেশ ২০২৪ সালে ‘জলবায়ু পরিবর্তন ও জেন্ডার কর্মপরিকল্পনা (সিসিজিএপি)’ গ্রহণ করেছে এবং বর্তমানে এর বাস্তবায়নে প্রাতিষ্ঠানিক কাঠামো শক্তিশালী করা হচ্ছে। এর অংশ হিসেবে গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণালয় ও অধিদপ্তরে জেন্ডার ও জলবায়ু পরিবর্তনবিষয়ক ফোকাল পয়েন্ট প্রতিষ্ঠা, কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদান এবং খাতভিত্তিক অভিযোজন পরিকল্পনা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের সক্ষমতা বাড়ানোর কার্যক্রমও চলমান রয়েছে।
ইউএন উইমেন বাংলাদেশের প্রোগ্রাম বিশেষজ্ঞ দিলরুবা হায়দারের সঞ্চালনায় অনুষ্ঠিত প্যানেল আলোচনায় বক্তারা বলেন, জাতীয় অভিযোজন পরিকল্পনা (এনএপি) এবং সিসিজিএপির নীতিগত অঙ্গীকারগুলোকে বাস্তবভিত্তিক কর্মসূচি ও পরিমাপযোগ্য ফলাফলে রূপ দিতে হবে। এ জন্য সরকারি বাজেটের পাশাপাশি উন্নয়ন সহযোগী, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান ও বেসরকারি খাতের বিনিয়োগ বাড়ানো জরুরি।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাভিদ শফিউল্লাহ বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে নারীরা বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তাই অভিযোজন কার্যক্রমে তাঁদের চাহিদা ও অগ্রাধিকারকে যথাযথ গুরুত্ব দিতে হবে। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পরিবেশ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ধরিত্রী কুমার সরকার, ইউএন উইমেনের নীতি উপদেষ্টা ভেঙ্গে নিয়িরিঙ্গো, ফরাসি উন্নয়ন সংস্থা এএফডির জ্যেষ্ঠ উপদেষ্টা অ্যালেক্সিস বোনেল এবং এশিয়া-প্যাসিফিক রিসোর্স অ্যান্ড রিসার্চ সেন্টার ফর উইমেনের জ্যেষ্ঠ কর্মসূচি কর্মকর্তা নিকা কাস্তিলো।
আলোচনায় বক্তারা আশা প্রকাশ করেন, কপ-৩১-পরবর্তী সময়ে সরকার, জাতিসংঘ, উন্নয়ন সহযোগী ও নাগরিক সমাজের সমন্বিত উদ্যোগে বাংলাদেশে জেন্ডার-সংবেদনশীল জলবায়ু কার্যক্রম আরও ত্বরান্বিত হবে এবং বেলেম জেন্ডার অ্যাকশন প্ল্যান (জিএপি) বাস্তবায়নে বাংলাদেশের অভিজ্ঞতা অন্যান্য দেশের জন্যও একটি কার্যকর দৃষ্টান্ত হয়ে থাকবে।














মন্তব্যসমূহ