দেশের তৈরি পোশাকশিল্পে চলমান শ্রমিক অসন্তোষ, কর্মবিরতি ও কারখানায় ভাঙচুরের ঘটনা বন্ধ না হলে শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী কারখানা বন্ধের সিদ্ধান্ত নিতে পারেন মালিকরা। এ বিষয়ে নীতিগত অবস্থান নেওয়ার পর আগামী শনিবার (১৪ নভেম্বর) জরুরি বিশেষ সাধারণ সভা ডেকেছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ।
বুধবার (১১ নভেম্বর) রাজধানীর উত্তরায় বিজিএমইএ কার্যালয়ে সংগঠনের সভাপতি মাহমুদ হাসান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়। শিল্পাঞ্চলের বর্তমান পরিস্থিতি ও উৎপাদন কার্যক্রমে বিঘ্ন ঘটার বিষয়টি বৈঠকে গুরুত্ব পায়।
বৈঠক শেষে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান জানান, মজুরি নির্ধারণ নিয়ে আলোচনা চালিয়ে যাওয়ার পাশাপাশি কারখানায় ভাঙচুর ও বিশৃঙ্খলা চলতে পারে না। এমন পরিস্থিতি মালিকপক্ষের কাছে গ্রহণযোগ্য নয়।
তিনি বলেন, বৃহস্পতিবার (১২ নভেম্বর) পর্যন্ত শিল্পাঞ্চলের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। এর মধ্যে দৃশ্যমান উন্নতি না হলে শনিবারের জরুরি সভায় কারখানা বন্ধের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
একই বৈঠকে নিম্নতম মজুরি বোর্ডের পরবর্তী আলোচনায় মালিকপক্ষের অংশগ্রহণ নিয়েও সিদ্ধান্ত হতে পারে।
আগামী সোমবার (১৬ নভেম্বর) মজুরি বোর্ডের তৃতীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে ওই বৈঠকে অংশ না নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন বিজিএমইএ সভাপতি। তিনি জানান, মালিকপক্ষ ইতোমধ্যে আনুষ্ঠানিক প্রস্তাব জমা দিলেও বর্তমান পরিস্থিতিতে আলোচনা বর্জনের বিষয়টি বিবেচনায় রয়েছে।
অন্যদিকে শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার জানিয়েছেন, শ্রমিক ফেডারেশনগুলোর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো ধর্মঘটের ডাক দেওয়া হয়নি। কারখানায় সহিংসতা চালানোর নির্দেশনাও দেওয়া হয়নি।
তাঁর অভিযোগ, একটি মহল শ্রমিকদের আবেগকে ব্যবহার করে নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করছে।
বাবুল আখতার আরও জানান, মালিকপক্ষ মজুরি বোর্ডের বৈঠকে অংশ না নিলে ন্যূনতম মজুরি চূড়ান্ত করার বিষয়টি সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।
এর আগে পোশাকশ্রমিকদের আন্দোলনের মধ্যে গত ১ নভেম্বর সরকার নিম্নতম মজুরি বোর্ড পুনর্গঠন করে। গত সোমবার (৯ নভেম্বর) বোর্ডের দ্বিতীয় বৈঠকে শ্রমিকপক্ষের প্রতিনিধি ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের লিখিত প্রস্তাব দেন।
তবে মজুরি নিয়ে আলোচনা চললেও শিল্পাঞ্চলে অস্থিরতা কমেনি। বিজিএমইএর তথ্য অনুযায়ী, বুধবার সাভার, আশুলিয়া ও গাজীপুরের মোট ১৫৬টি পোশাক কারখানায় উৎপাদন ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। এর মধ্যে সাভার-আশুলিয়া অঞ্চলের কারখানা রয়েছে ১৪০টি।
একই দিন ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ এবং শ্রমিক ছাঁটাই বন্ধের দাবিতে সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় বিক্ষোভ হয়।
বিক্ষোভের একপর্যায়ে শ্রমিকরা মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে।
এদিকে বুধবারের জরুরি বৈঠকে এফবিসিসিআইয়ের প্রশাসক ফজলুল হক, বিজিএমইএর সাবেক সভাপতি আনিসুর রহমান সিনহা, কুতুবউদ্দিন আহমেদ, আনোয়ার-উল-আলম চৌধুরী পারভেজ, ড. রুবানা হক ও খন্দকার রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
এ ছাড়া বিকেএমইএর জ্যেষ্ঠ সহসভাপতি অমল পোদ্দার, নিম্নতম মজুরি বোর্ডে মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম সামছুদ্দিন এবং আশুলিয়ার কয়েকজন পোশাক কারখানার মালিক বৈঠকে অংশ নেন।
শিল্পাঞ্চলে চলমান পরিস্থিতি ও মজুরি নিয়ে মতবিরোধের মধ্যে শনিবারের জরুরি সভা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ওই সভায় কারখানা বন্ধ এবং মজুরি বোর্ডের আলোচনায় অংশগ্রহণের বিষয়ে মালিকপক্ষের পরবর্তী অবস্থান নির্ধারিত হওয়ার কথা রয়েছে।














মন্তব্যসমূহ