সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, নতুন প্রজন্মের কাছে দেশের ইতিহাস সঠিকভাবে তুলে ধরা প্রয়োজন। তিনি অভিযোগ করেন, অতীতে তরুণদের সামনে বিকৃত ইতিহাস উপস্থাপনের চেষ্টা করা হয়েছে, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য ইতিবাচক নয়।
শুক্রবার (৩ জুলাই) দুপুরে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া শেষে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ইতিহাস কখনো কৃত্রিমভাবে তৈরি করা যায় না; এটি মানুষের অবদান, ত্যাগ ও কর্মকাণ্ডের মধ্য দিয়ে গড়ে ওঠে। তার ভাষ্য, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন এবং সেই অবদান নতুন প্রজন্মের সামনে যথাযথভাবে তুলে ধরা প্রয়োজন।
ডা. জাহিদ হোসেন বলেন, দেশের স্বাধীনতা ও অভ্যুদয়ের ইতিহাসে মেজর জিয়াউর রহমানের ভূমিকা গুরুত্বপূর্ণ। তিনি দাবি করেন, সংকটময় সময়ে সাহসিকতা ও দায়িত্বশীলতার পরিচয় দিয়ে জিয়াউর রহমান জাতির নেতৃত্বে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন।
এর আগে সমাজকল্যাণমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন এবং স্মৃতিচিহ্ন হিসেবে একটি গাছের চারা রোপণ করেন।
পরবর্তীতে তিনি রাঙ্গুনিয়ার এতিম ও দুস্থ শিশুদের বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন। সেখানে আয়োজিত অনুষ্ঠানে ৪৮তম ব্যাচের প্রশিক্ষণার্থীদের মধ্যে পোশাক ও শিক্ষা উপকরণ বিতরণ করেন এবং তাদের দক্ষতা উন্নয়নে এ ধরনের প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন।
মন্তব্যসমূহ