নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক ব্যবসার প্রতিবাদ করায় আবুল কালাম (৩৫) নামে এক পুলিশ সদস্যের ওপর নৃশংস হামলার অভিযোগ উঠেছে। হামলায় তাঁর ডান হাত ও বাম পা ভেঙে দেওয়া হয়েছে। এ ছাড়া ডান পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ করেছেন তাঁর পরিবারের সদস্যরা।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে উপজেলার তারাবো পৌরসভার উত্তর মাসাবো এলাকায় এ ঘটনা ঘটে। আহত আবুল কালাম আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্য। ছুটিতে গ্রামের বাড়িতে এসে তিনি হামলার শিকার হন।
পরিবারের সদস্যদের অভিযোগ, আবুল কালাম দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার বিরুদ্ধে প্রতিবাদ করে আসছিলেন। গত মাসে মাসাবো এলাকার দুই মাদক কারবারিকে পুলিশে ধরিয়ে দিতে সহযোগিতা করেন তিনি। এরপর থেকেই ওই ব্যক্তিরা তাঁকে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছিলেন।
পরিবারের দাবি, বৃহস্পতিবার রাতে বাড়িতে যাওয়ার পর শাহজালাল নামে এক ব্যক্তি তাঁকে ফোন করে ডেকে নেন। পরে শাহজালালসহ ১০ থেকে ১৫ জন তাঁর ওপর হামলা চালান। একপর্যায়ে তাঁকে মারধর করে হাত-পা ভেঙে দেওয়া হয় এবং ডান পায়ের রগ কেটে দেওয়া হয়।
আবুল কালামের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাঁকে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে ভর্তি করা হয়।
আহত আবুল কালামের বাবা আব্দুল মালেক বলেন, দুর্বৃত্তরা পূর্বপরিকল্পিতভাবে তাঁর ছেলের ওপর হামলা চালিয়েছে। হামলাকারীরা আবুল কালামের ডান হাত ও বাম পা ভেঙে দেয়। তিনি মাটিতে লুটিয়ে পড়লে তাঁর ডান পায়ের রগ কেটে দেওয়া হয়।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, পুলিশ সদস্য আবুল কালাম ছুটিতে গ্রামের বাড়িতে এসে মাদক কারবারিদের হামলার শিকার হয়েছেন। ঘটনাটি সুষ্ঠুভাবে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।














মন্তব্যসমূহ