টানা তিন দফা মূল্যবৃদ্ধির পর অবশেষে দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। মানভেদে প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ৭৪১ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা।
শুক্রবার (৬ নভেম্বর ২০২৬) সকালে বাজুসের প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং স্ট্যান্ডিং কমিটির এক জরুরি বৈঠকের পর পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের স্বাক্ষর করা ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শুক্রবার সকাল ১০টা থেকেই নতুন এই মূল্যতালিকা কার্যকর হয়েছে।
বাজুসের নতুন নির্ধারিত দর অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৬ হাজার ৭১৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৬ হাজার ৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম কমে দাঁড়িয়েছে ১ লাখ ৫২ হাজার ৪০ টাকায়।
বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, স্থানীয় বুলিয়ন বাজারে বিশুদ্ধ স্বর্ণ বা তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি ও স্থানীয় বাজারদর বিবেচনা করে সাধারণ ক্রেতাদের সুবিধার্থে ভ্যাটসহ স্বর্ণের এ নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। তবে স্বর্ণের দাম কমানো হলেও বাজারে রুপার পূর্বনির্ধারিত দর অপরিবর্তিত রাখা হয়েছে।
উল্লেখ্য, চলতি ২০২৬ সালে এ পর্যন্ত দেশের বাজারে মোট ১৩৪ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৬৫ বার দাম বাড়ানো হয়েছে, ৬৮ বার কমানো হয়েছে এবং একবার সরকারি ভ্যাটের কাঠামো সমন্বয় করা হয়েছে। এর আগে ২০২৫ সালে পুরো বছরে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ৬৪ বার বৃদ্ধি ও ২৯ বার হ্রাস পেয়েছিল।














মন্তব্যসমূহ